২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি হামলার পরবর্তী টার্গেট যাত্রীবাহী ট্রেন, সুইসাইড স্কোয়াডে সদস্য সংগ্রহ চলছে

নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জেএমবি বোমা হামলার পরবর্তী টার্গেট হিসেবে বেছে নিয়েছে যাত্রীবাহী ট্রেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

এ ধরণের হামলা পরিচালনার জন্য শায়খ আবদুর রহমানের পি এস সুমন এখন বৃহত্তর রংপুর--বগুড়া অঞ্চলের কোন একটি জেলায় গোপনে অবস্থান করছে বলে সূত্র নিশ্চিত করেছে।

বিডিনিউজ নীলফামারী প্রতিনিধি জানান, পুলিশ এই সুমনকে ধরতে এখন হন্যে হয়ে মাঠে নেমেছে। নাশকতা এড়াতে রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রেলওয়ের গোটা উত্তরাঞ্চল জোনে জারি করা হয়েছে রেডএ্যালার্ট।

এদিকে বিডিনিউজ কুষ্টিয়া প্রতিনিধি জানান, জেএমবি আত্মঘাতী হামলার জন্য সদস্য সংগ্রহ অব্যাহত রেখেছে। তারা মাদ্রাসা ছাত্রদের ব্রেন ওয়াশ করে সুইসাইড স্কোয়াডের জন্য তৈরি করছে বলে বিভিন্ন ঘটনা থেকে নিশ্চিত হওয়া গেছে।

নীলফামারী পুলিশ সুপার সৈয়দ আহমেদ বিডিনিউজকে বলেন, জঙ্গি হুমকির কারণেই রেড এলার্ট জারি করা হয়েছে।

জিআরপি পুলিশ জেএমবি’র বোমা হামলার টার্গেটকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে প্রতিটি ট্রেন ও স্টেশনে যাত্রীদের দেহ ও ব্যাগ তল্লাশি চালাচ্ছে। ২২টি জেলায় বিস্তৃত রেলের পশ্চিম জোনের ১২টি জিআরপি থানায় গঠিত বিশেষ টিমের সদস্যরা এ দায়িত্ব পালন করছেন। প্রতিটি টিমের সদস্যদের দেওয়া হয়েছে আধুনিক অস্ত্র ও মেটাল ডিটেক্টর।

এদিকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বলছে, সুমন বৃহত্তর রংপুর অথবা বগুড়াতেই লুকিয়ে রয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। 

পুলিশ জানিয়েছে, তাকে ধরতে এরই মধ্যে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো মাঠ পর্যায়ে চষে বেড়াচ্ছে। সম্ভাব্য অনেক স্থানে হানা দিয়েও  এ পর্যন্ত তাকে ধরা সম্ভব হয়নি।

বিডিনিউজ কুষ্টিয়া প্রতিনিধি জানান, জেএমবি মাদ্রাসা ছাত্রদের ব্রেইনওয়াশ করে সুইসাউড স্কোয়াডে ভেড়াতে শুরু করেছে। জেলার ভেড়ামারা উপজেলার মাধবপুর হাফিজিয়া মাদ্রাসার দু’ ছাত্র আবদুল্লাহ রনি (১৪) ও মঈনুল (১৬) নিখোঁজ হওয়ার পর চাঞ্চল্যকর এ তথ্য ফাঁস হয়ে যায়। গত ২২ নভেম্বর তারিখে তারা নিখোঁজ হয়।

নিখোঁজ হওয়া একজনের পরিবার এ ঘটনার সত্যতা স্বীকার করেছে।

শ্যামল নামে জেএমবির একজন সদস্য তাদেরকে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে শ্যামলকে আর এলাকায় দেখা যায়নি।