পদত্যাগী বিমান প্রতিমন্ত্রী মীর নাছিরের দুর্নীতি খতিয়ে দেখার নির্দেশ
প্রধানমন্ত্রীর কার্যালয় পদত্যাগী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের দুর্নীতি--অনিয়ম খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় এ সংক্রান্ত একটি বিশেষ কমিটিকে এই তদন্তের নির্দেশ দেয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, মীর নাছির বিমান প্রতিমন্ত্রী থাকাকালে প্রায় দু’বছর আগে ইন্দোনেশিয়া থেকে দুটি এফ--২৮ উড়োজাহাজ কেনা হয়। এ উড়োজাহাজ কেনায় তিনি বিপুল অঙ্কের অর্থনৈতিক ঘাপলা করেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত চারবছরে বিমান প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ জমা হয় বলেও সূত্র জানায়। এসব অভিযোগের মধ্যে প্রশাসনিক নানা অনিয়ম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষে অস্থায়ী চাকরিতে অবৈধভাবে কর্মকর্তা--কর্মচারি নিয়োগ, আর্থিক অনিয়ম করে বিভিন্ন বিমানবন্দরের ক্লিনিং ব্যবস্থাপনা বেসরকারি প্রতিষ্ঠানকে ছেড়ে দেয়া ইত্যাদি রয়েছে।
হজ্ব ফ্লাইট নিয়ে ধারাবাহিক কেলেঙ্কারির জের ধরে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশে ১৭ নভেম্বর মীর নাছির পদত্যাগ করতে বাধ্য হন। কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমান প্রতিমন্ত্রী হিসেবে পরদিন ১৮ নভেম্বর নিয়োগপ্রাপ্ত হন।
