দাতা গোষ্ঠির সহায়তা চাইলেন পানি সম্পদ মন্ত্রী
গত বছর গৃহীত ২৫ বছর মেয়াদী পানি সম্পদ ব্যবস্থাপনা নীতির যথাযথ বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ উন্নয়ন সহযোগী ও দাতাগোষ্ঠির কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার নগরীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত ‘পানি সম্পদ ব্যবস্থাপনা এবং বাংলাদেশে খাদ্য নিয়ন্ত্রণ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে মন্ত্রী এ আহ্বান জানান।
ফরাসি দূতাবাস ও ফ্রান্স ট্রেড কমিশনের সাংস্কৃতিক বিভাগ এবং ফ্রাঙ্কো-বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্কলারস এন্ড ট্রেইনিজ (এফবিএএসটি) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
পানি বন্টনের ব্যাপারে ভারতের অসহযোগী মনোভাবের সমালোচনা করে মন্ত্রী বলেন, শুষ্ক মৌসুমে ভারত পানি আটকে রাখে। যার ফলে উত্তরাঞ্চলে খরার সৃষ্টি হয় এবং ফসলহানি ঘটে। অন্যদিকে বর্ষায় ভারত পানি ছেড়ে দেওয়ায় দেশে সৃষ্টি হয় বন্যার।
তিনি বলেন, ভারত থেকে উৎপত্তি হওয়া ৫৪টি নদীর মধ্যে মাত্র একটি নদীর সঙ্গে বাংলাদেশের পানি বন্টন চুক্তি রয়েছে। ফলে আমরা পানির যথাযথ বন্টন থেকে বঞ্চিত হচ্ছি।
তিনি আরও অভিযোগ করেন, দিল্লিতে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারত সরকারের মনোভাবও পরিবর্তিত হয়। এতে করে নির্দিষ্ট সময়ের মধ্যে পানি ব্যবস্থাপনা নীতির বাস্তবায়ন ব্যাহত হয়।
পানির স্তর নিচে নেমে যাওয়ায় মন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, সেচের জন্য পানির স্তরের ওপর নির্ভরতা কমাতে হবে, অন্যথায় আমাদের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়তে হবে।
সেমিনারে বক্তৃতাকালে ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যাকস আন্দ্রে কোস্টেস বলেন, পানি ইস্যু বহুজাতিক এবং অন্যান্য দাতা দেশ এগিয়ে না আসলে ফ্রান্সের একার পক্ষে কিছু করা সম্ভব না।
তিনি বলেন, সায়েদাবাদ পানি ট্রিটমেন্ট পরিকল্পনার প্রতি আমাদের প্রযুক্তিগত সমর্থন রয়েছে এবং ভবিষ্যতে অন্যান্য ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
ভারতের সঙ্গে পানি ইস্যুর ব্যাপারে তিনি বলেন, এটা দ্বিপক্ষীয় ইস্যু। সার্কের মতো ফোরামের মাধ্যমে এ সকল ইস্যুর সমাধান হতে পারে।
সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সফররত প্যারিস বিশ্বিবিদ্যালয়ের অধ্যাপক জেরাল্ড গ্রে।
সেমিনারে অন্যান্যের মধ্যে এফবিএসএটি’র সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী খান, মোহাম্মদ ছেরাজ উদ্দিন, সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ড.আর এ গণি বক্তৃতা করেন।
