কুমিল্লায় র্যাবের ক্রসফায়ারে শিবির ক্যাডার নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে র্যাবের সাথে ক্রসফায়ারে ডাকাত সর্দার ও দুধর্ষ শিবির ক্যাডার আবদুল মোতালেব ওরফে মোতাইয়্যা নিহত হয়েছে।
ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা ডাকাতদের ব্যবহৃত তিনটি দেশীয় পাইপগান ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার করে।
র্যাব সূত্র জানায়, গোপন সূত্রে খবর আসে চৌদ্দগ্রামের আশফালিয়া পশ্চিম ডেকরা গোলজার সড়ক এলাকায় একদল ডাকাত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের ইনচার্জ লে. মো. খালিদের নেতৃত্বে র্যাবের একটি দল বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল র্যাবের ওপর গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে ২০ মিনিটব্যাপী বন্দুক যুদ্ধের এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডাকাতদলের সর্দার দুধর্ষ শিবির ক্যাডার মোতাইয়্যা ক্রসফায়ারে ঘটনাস্থলেই নিহত হয়।
পরে র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত মোতাইয়্যার লাশ উদ্ধার করে শুক্রবার সকালে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
কুমিল্লা পুলিশের উদ্ধৃতি দিয়ে র্যাব-৭ সূত্র জানায়, নিহত ডাকাতের বিরুদ্ধে চৌদ্দগ্রামসহ কুমিল্লার বিভিন্ন থানায় দুটি খুন, দুটি ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।
এ ঘটনায় র্যাব চৌদ্দগ্রাম থানায় অস্ত্র ও সরকারি কাজে বাধা দানের পৃথক দুটি মামলা করেছে।
