ভোলা, টাঙ্গাইল ও রাজশাহী থেকে ৮ জেএমবি সদস্য গ্রেফতার
ভোলা, টাঙ্গাইল এবং রাজশাহী থেকে নিষিদ্ধ ইসলামী জেহাদী সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ’র (জেএমবি) সদস্য সন্দেহে একজন কলেজ শিক্ষক, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার ও এক কিশোরসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডিনিউজ ভোলা প্রতিনিধি জানান, জেলায় ইসলামী জেহাদী সন্দেহে চরফ্যাশন কলেজের কৃষি বিভাগের অধ্যাপক অধ্যাপক আবদুল মজিদসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ---- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আবদুল্লাহ আল মামুন ওরফে ফারুক (২৮), ভোলা চরফ্যাশনের শাহজাহান (২৫), ফেনীর ফুলগাজির হুমায়ুন কবীর আনাস (২৩), কুষ্টিয়ার আদর্শপাড়ার নূর হোসেন (২৩) এবং ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার এনামুল হক (১২)।
এদের মধ্যে ফারুক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে অনার্স করেছে বলে সে পুলিশকে জানিয়েছে।
তাদের কাছ থেকে বোমা তৈরীর কাজে ব্যবহৃত কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা জেএমবি’র সদস্য এবং ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার সাথে জড়িত।
শুক্রবার আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, অধ্যাপক আবদুল মজিদ চরফ্যাশন কলেজের কৃষি বিভাগের অধ্যাপক। চরফ্যাশন কুলসুমবাগ গ্রামে তিনি ‘কালেমা জামাত’র দাওয়াতের একটি কেন্দ্র গড়ে তুলেছেন। তার গ্র“পে ১৭০ জন সদস্য রয়েছে। তারা ইসলামের দাওয়াতের পাশাপাশি বিভিন্ন দ্রব্য সামগ্রী ফেরি করে বেড়ায়। যেগুলোর মধ্যে অধিকাংশই বোমা তৈরীর কাজে ব্যবহৃত হয়।
বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান জেএমবি’র কথিত সদস্য মনোয়ার হোসেনকে (১৭) কালিহাতী থানা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে কামন্না কাজীবাড়ি থেকে গ্রেফতার করেছে।
সতের আগস্ট ঢাকায় বোমা হামলায় সে অংশ নিয়েছিল বলে পুলিশ জানায়। ঢাকার পল্টন থানার মামলার সে চার্জশিটভুক্ত আসামি।
ওই ঘটনায় ইতোপূর্বে গ্রেফতারকৃত ফয়সালের সহযোগী হিসেবে মনোয়ার কাজ করেছিল। মনোয়ারের বাড়ি একই উপজেলার টেংগুরিয়া গ্রামে। তার পিতার নাম সিরাজ মিয়া। সে মাদ্রাসা থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েছে।
বিডিনিউজ রাজশাহী প্রতিনিধি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বোয়ালিয়া থানা এলাকা থেকে জাকারিয়া হোসেন নামে জেএমবি’র এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ইসলামী জেহাদ সংশ্লিষ্ট বইপত্রও উদ্ধার করা হয়েছে।
