অপ্রচলিত শিল্প পণ্যের রপ্তানি বৃদ্ধি পেয়েছে
দেশে প্রাথমিক কৃষিজাত পণ্য এবং বিভিন্ন ধরণের অপ্রচলিত শিল্প পণ্যের রপ্তানি বেড়েছে। গত বছরের একই সময়ে তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এর হার উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসেব অনুযায়ী, ফুল, চারাগাছ, ফল, সুপারি, হাঁসের পালক, পি.ভি.সি পাইপ, সিনথেটিক দড়ি, পাটের কার্পেট, কয়েল, ডিজেল ইঞ্জিন, তাবু, জুতা (স্পোর্টস), একিউমুলেটর ব্যাটারি ও যন্ত্রাংশ গত বছরের তুলনায় ২০০৫-০৬ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে ১৬ গুন বৃদ্ধি পেয়েছে।
ইপিবি জানায়, দেশীয় মুদ্রায় ফল রপ্তানি ১ কোটি ৪ লাখ ৮৪ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৪ কোটি ৬৩ লাখ ৪৫হাজার টাকায় উন্নীত হয়েছে। ফুল/চারাগাছ ২ কোটি ৭৯ হাজার টাকা থেকে ২২ কোটি ২২ লাখ ৪৩ হাজার টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে কয়েল রপ্তানি থেকে আয় হয়েছে ১২ কোটি ৪৯ লাখ ৯৭ হাজার টাকা। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে জুতা (স্পোর্টস) রপ্তানি করা হয়েছে ৩৪ কোটি ২৪ লাখ ২৭ হাজার টাকায়।
সূত্র জানায়, চলতি অথর্ধবছরের প্রথম দুই মাসে ফুল ও চারাগাছ ১০ গুন, ফল ১২ গুন, কয়েল প্রায় ১৪ গুন এবং একিউমুলেটর ব্যাটারি ও যন্ত্রাংশ রপ্তানি আয়ের পরিমাণ ১৬ গুন বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে পরিসংখ্যানে দেখা যায়, একই সময়ে পাটের কার্পেট, জুতা (স্পোর্টস), তাবু, ডিজেল ইঞ্জিন, সুপারি ও পিভিসি পাইপের রপ্তানির পরিমাণ দুই থেকে ছয়গুন বৃদ্ধি পেয়েছে।
বিডিনিউজের সঙ্গে আলাপকালে রহিমআফরোজ ব্যাটারিজ লি. এর পরিচালক নিজাম রহিম জানান, তারা বর্তমানে ২৬ টি দেশে তাদের ব্যৗাটারি রপ্তানি করছেন। এর মধ্যে ভারত তাদের সবচেয়ে বড় গ্রাহক।
তিনি বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত ব্যাটারি আফ্রিকার তাঞ্জানিয়া ও উগান্ডা, মধ্য এশিয়া এবং মধ্যপ্রচ্যে রপ্তানি করা হয়।
রহিম বলেন, সরকারের উচিত স্থানীয় উদ্যোক্তাদের দেশের বাইরে বিনিয়োগের অনুমতি দেয়া।
বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবলস এন্ড এলায়েড পোডাক্টস এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনসুর জানান, মৌসুমি ফল বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য।
তিনি আরও বলেন, মধ্যপ্রচ্য ও ইউরোপীয় ইউনিয়নে আম ও কাঁঠালের ব্যাপক চাহিদা রয়েছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, সৌদি আরব ও যুক্তরাজ্য অন্যতম আমদানিকারক দেশ। এছাড়া ইটালিতেও ফল রপ্তানি করা হয়।
তিনি বলেন, রপ্তানিকারকদের প্রতি সরকারের কর রেয়াত রপ্তানি বৃদ্ধিতে সহায়ক হয়েছে।
তবে বিমান বাংলাদেশের সীমিত আকারের কার্গো সমস্যার কারণে এ রপ্তানি ব্যাহত হচ্ছে। রহিম বলেন, আমাদের হাতে অর্ডার থাকা সত্ত্বেও কার্গো সমস্যার কারণে সাপ্লাই দেয়া যাচ্ছে না।
ইপিবি’র হিসেব মতে উন্নত দেশ থেকে প্রাপ্ত জিএসপি সুবিধার কারণে ফুল রপ্তানি বৃদ্ধি পেয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাস্ট্র, জাপান ও মধ্যপ্রাচ্যে বাংলাদেশ ফুল রপ্তানি করে থাকে।
