১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালনের আহবান
মুক্তিযোদ্ধাদের দাবি বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটি ১ ডিসেম্বর সারাদেশে ‘মুক্তিযোদ্ধা দিবস’ পালনের আহবান জানিয়েছে।
মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনর্জাগরণ, মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়, সামাজিক, আর্থিক মর্যাদা ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মানবোধ জাগানোর লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহের প্রতি আহবান জানানো হয়েছে।
কমিটির পক্ষে মেজর জেনারেল কেএম শফিউল্লাহ বীর উত্তম (অবঃ), আবদুর রাজ্জাক এমপি, মেজর জেনারেল সিআর দত্ত বীর উত্তম (অবঃ), আবদুল জলিল এমপি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এক যুক্ত বিবৃতিতে এ আহবান জানান।
তারা দিবসটি উপলক্ষ্যে সকল জেলা--উপজেলায় মুক্তিযোদ্ধাদের কুচকাওয়াজ, সমাবেশ, র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, শহীদদের সমাধিতে পু®প্রমাল্য অর্পণ, প্রার্থনা, মুক্তিযোদ্ধাদের বাসভবনে গিয়ে শুভেচ্ছা বিনিময় কর্মসূচি গ্রহণের জন্য সংগঠনগুলোর প্রতি আহবান জানান।
দিবসটি উপলক্ষ্যে ঢাকায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে ১ ডিসেম্বর সকাল ৭টায় মিরপুর বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় মোহাম্মদপুরস্থ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিশ্রামাগারে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও প্রাতঃরাশ গ্রহণ, সকাল ৯টায় মিরপুর, মহাখালী, স্বামীবাগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বসবাসরত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময়, সকাল ১০টায় ঢাকায় বসবাসরত শহীদ পরিবার সমূহের সাথে শুভেচ্ছা বিনিময় এবং বিকাল ৩টায় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সমাবেশ ও কুচকাওয়াজ।
