২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে জেএমবি সন্দেহে গ্রেপ্তারকৃত যুবককে ঢাকার জয়েন্ট ইন্টারোগেশন সেলে প্রেরণ

পাগলা বাসস্ট্যাণ্ডের কাছ থেকে জেএমবি সদস্য সন্দেহে গ্রেপ্তারকৃত আরিফুল ইসলামকে (২৪) বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় জয়েন্ট ইন্টারোগেশন সেলে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2005, 10:55 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বুধবার রাতে গ্রেপ্তারের পর পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে আরিফুল নিজেকে জেএমবি’র সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে।

পরে পুলিশ কঠোর নিরাপত্তার মধ্যে আরিফুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমাণ্ড চাইলে আদালত সাত দিনের রিমাণ্ড মঞ্জুর করে। বৃহস্পতিবার রাতে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকার জয়েন্ট ইন্টারগেশন সেলে পাঠানো হয়।

পুলিশের একটি সূত্র জানায়, পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে আরিফুল নিজেকে জেএমবি’র সদস্য হিসেবে স্বীকার করে এবং ১৭ আগস্ট নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বোমা হামলার পরিকল্পনার কথাও স্বীকার করে।

এছাড়া নারায়ণগঞ্জের কোথায় কোথায় জেএমবি সদস্যরা অবস্থান করছে তাদের তথ্যসহ আরিফুল পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দেয়।

ফতুল্লা থানার ওসি আলহাজ শফিকউল্লাহ তদন্তের স্বার্থে এ ব্যাপারে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।

গ্রেপ্তারকৃত আরিফুল নরসিংদীর শিবপুর থানার শিমলিয়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।