২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে এবার আমন আবাদে বিপর্যয়

নীলফামারীতে চলতি মৌসুমে আমন আবাদে বিপর্যয় দেখা দিয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

এ বছর জেলায় এক লাখ ১৬ হাজার ৪১৩ হেক্টর জমিতে আমন আবাদ করে দু’লাখ ৬৪ হাজার চারশ’৪৪ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এবার এর অর্ধেক চালও উৎপাদিত হবে না। মঙ্গাক্রান্ত কৃষি নির্ভর নীলফামারী জেলার কৃষকরা নতুন ফসলের দিকে বুক ভরা আশা নিয়ে তাকিয়ে থাকলেও মধ্য সেপ্টেম্বরের বন্যা তাদের স্বপ্ন গুড়িয়ে দিয়েছে। 

অধিকাংশ কৃষকের ঘরে এবার আশাতীত নতুন ধান উঠবে না। অল্প বিস্তর জমিতে শীষ এলেও বন্যার পর ঝড়ো বাতাসে তাও ঝরে গেছে। বন্যার ধকল কাটিয়ে আমনের জমিতে যে গাছগুলো দাঁড়িয়ে আছে তাতে ক্ষুদ্র আকারের শীষ দেখা গেলেও তাতে ধান নেই। তিন মাসের মঙ্গার পর অগ্রাহায়নে ওই ধান কাটা হলে তাতে ধান মিলবেনা, মিলবে পাতান (চিটা)।

নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের কৃষক শহীদুল ইসলাম বিডিনিউজকে জানান, তিনি ৩০ বিঘা জমিতে আমনের আগাম আবাদ করেছিলেন। কার্তিকে এই ধান ঘরে ওঠার কথা ছিলো। কিন্তু পাকা ধান কাটতে গিয়ে তার মাথায় আকাশ ভেঙেছে। কারণ ধান কাটতে গিয়ে দেখেন ক্ষুদ্র আকারের শীষ।

এর ফলে সে অবশেষে ধান গাছ কেটে বাজারে গিয়ে তা বিক্রি করেছেন গো-খাদ্য হিসেবে। কামলা খরচ বিঘা প্রতি সাড়ে তিনশ’ টাকা মিটিয়ে এক বিঘা জমির ধান খড় হিসেবে বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১২শ’ টাকায়। অথচ আমন আবাদ করতে তার বিঘা প্রতি খরচ হয়েছে ১৮শ’ থেকে দুই হাজার টাকা।

একই গ্রামের ফকিরপাড়ার নাসির উদ্দিন, মনছুর আলী, চাঁদেরহাট গ্রামের নজরুল ইসলাম, নীলফামারী পৌর এলাকার হাড়োয়া গ্রামের আফছার আলীসহ অনেক কৃষকেরই অবস্থা একই রকম।

এদিকে জেলার কিছু কিছু কৃষকের উঁচু জমিতে বানের পানি বেশি দিন স্থায়ী না হওয়ায় সে যাত্রায় ধান ক্ষেত রক্ষা পেলেও পাকার আগে আগে সেগুলোতে আক্রমণ করেছে কারেন্ট পোকা। ঝাঁকে ঝাঁকে আক্রমণ করে ধান গাছের গোড়ার রস খাচ্ছে কারেন্ট পোকা। কীটনাশক ছিটিয়েও কোন ফল হচ্ছে না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ--পরিচালক একেএম সাখাওয়াত হোসেন ২৮ হাজার হেক্টর জমির ধানে ক্ষতি হয়েছে বলে স্বীকার করলেও বাস্তব অবস্থা আরও ভয়াবহ।