২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী সংস্কার নিয়ে সংসদের ভেতরে--বাইরে আলোচনা হতে পারে : মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূূঁইয়া বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার সংস্কার নয়, নির্বাচন অবাধ করতে চাইলে নির্বাচন কমিশনের সংস্কার বিষয়ে আলোচনা হতে পারে। সংসদের ভেতরে বা বাইরে যেকোনও স্থানে আলোচনা হতে পারে। হরতাল পরিহার করে আসুন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি। ভবিষ্যতে একটি সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 09:46 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বৃহস্পতিবার অষ্টম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের সমাপনি বক্তব্যে তিনি একথা বলেন।

তবে মান্নান ভূঁইয়ার বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেছেন, বিএনপি মহাসচিব দিন--তারিখ ঠিক করুক, আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে প্রস্তাব দিক। আলোচনা হতে কোনও আপত্তি নেই।

সংসদে দেওয়া বক্তব্যে আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, যারা বেশি ক্ষমতায় যেতে চায়, তাদের ভাগ্যে ক্ষমতা জোটে না। তাই ক্ষমতা, ক্ষমতা না করে সংসদে আসুন, আলোচনা করুন। সংসদ থাকলে বিরোধী দলীয় নেতার পদ থাকবে। না আসলে ভবিষ্যতে বিরোধী দলের নেতার পদও থাকবে না। ভবিষ্যতে বিরোধী দলের আসতে পারবেন না।

বিএনপি মহাসচিব বলেন, মহাসমাবেশ করে সরকারের পতন হবে না। তত্ত্বাবধায়ক সরকার সংস্কার বিরোধী দলের মূল উদ্দেশ্য নয়। নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করাই তাদের মূল উদ্দেশ্য।