খুলনায় পুলিশের ওপর বোমা হামলার মূল নায়ক চঞ্চলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান
খুলনায় পরপর দু’দিন ট্রাফিক পুলিশের ওপর বোমা হামলার মূল নায়ককে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম চঞ্চল কুমার শিল (২২)। সে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল-জনযুদ্ধ)’র সক্রিয় সদস্য।
বুধবার গভীর রাতে গোয়েন্দা পুলিশ নগরীর দোলখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সাম্প্রতিক সময়ে ক্রসফায়ারে কয়েকটি জন চরমপন্থীকে হত্যা করার প্রতিবাদে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা পুলিশের ওপর হামলা চালায়। গ্রেফতারকৃত চরমপন্থী চঞ্চল কুমার শিল আদালতে দেয়া স্বীকারোক্তি মূলক জবানবন্দীতে এ তথ্য প্রকাশ করে।
কেএমপি’র একটি সূত্র জানায়, ডিবি পুলিশ কালিবাড়ি এলাকার একটি বাসা থেকে চঞ্চল কুমার শিলকে গ্রেফতার করে। পরে তাকে কেএমপি সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নগরীর দৌলতপুর ও পিকচার প্যালেস মোড়ে ট্রাফিক পুলিশের ওপর বোমা হামলার কথা স্বীকার করে। গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ কোর্টের মেজিষ্ট্রেট দেওয়ান মোহাম্মদ আব্দুস সামাদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
আদালতে দেয়া জবান বন্দিতে চরমপন্থী চঞ্চল কুমার শিল জানায়, সাম্প্রতিক সময়ে জনযুদ্ধে’র শীর্ষ নেতা শরীফুজ্জামান শোয়েবসহ কয়েকজন সংগঠক ক্রসফায়ারে নিহত হওয়ায় দলের পক্ষ থেকে পুলিশ হত্যার সিদ্ধান্ত নেয়া হয়। গত ১৮ নভেম্বর মহানগরীর একটি বাসায় জনযুদ্ধে’র এক বৈঠকে দৌলতপুর ও পিকচার প্যালেস মোড় এলাকায় ট্রাফিক পুলিশের ওপর বোমা হামলার সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে চরমপন্থী দলের ১০ সদস্য উপস্থিত ছিল। তার ভাষ্য অনুযায়ী অপারেশনের প্রথম দিন গত ১৯ নভেম্বর দৌলতপুর ট্রাফিক আইল্যান্ডে পুলিশের ওপর বোমা হামলা প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় পরদিন পিকচার প্যালেস মোড়ে পুনরায় হামলা পরিচালনা করা হয়। জবানবন্দিতে চঞ্চলকুমার শিল আরও উলে¬খ করে, ১৯ নভেম্বর দৌলতপুরের বোমা হামলায় দলের ৮/১০ জন ক্যাডার অংশ নেয়। তারা সিনেমা দেখার অজুহাতে পিকচার প্যালেস প্রেক্ষাগৃহে প্রবেশ করে। প্রেক্ষাগৃহের ছাদের ওপর থেকে পুলিশের ওপর বোমা হামলা চালায়। অপারেশন শেষে হল থেকে নেমে জনতার সাথে মিশে যায়। জবানবন্দি শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
