চট্টগ্রামে শান্তিপূর্ণ হরতাল পালিত
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের ডাকে বৃহস্পতিবার সকাল--সন্ধ্যা হরতাল চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
হরতাল চলাকালে বন্দরের অভ্যন্তরে স্বাভাবিকভাবে মালামাল উঠানামা করলেও বাইরে ডেলিভারি বন্ধ ছিলো।
চট্টগ্রামের সাথে রাজধানী ঢাকাসহ অন্যান্য আন্তঃজেলা রুটের কোনও বাস চলাচল করেনি। নগরীতে রিকশা ছাড়া অন্যান্য যানবাহন ছিলো তুলনামূলক কম।
শাহ আমানত বিমানবন্দর সূত্র জানায়, তিনটি আন্তর্জাতিক ফ্লাইটসহ সবগুলো ফ্লাইট আসা যাওয়া করলেও যাত্রী সংখ্যা ছিল তুলনামূলক কম।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সবগুলো ট্রেন যথাসময়ে আসা যাওয়া করেছে বলে রেলওয়ে কন্টোলরুম সূত্র জানিয়েছে।
সীতাকুন্ড, কালুরঘাট, নাসিরাবাদ ও বায়েজীদসহ চট্টগ্রামের মোট ছয়টি শিল্প এলাকার কলকারখানায় উপস্থিতি কম থাকায় উৎপাদন ব্যাহত হয়।
অফিস আদালতে উপস্থিতি কম ছিলো। ব্যাংকগুলোতেও লেনদেন কম হয়েছে। প্রধান মার্কেটগুলো ছিলো বন্ধ। স্কুল কলেজগুলোতেও কোনও ক্লাস হয়নি।
হরতাল আহবানকারীরা নগরীর বিভিন্ন এলাকায় মিছিল সমাবেশ করেছে।
