জয়পুরহাটে পলাতক ৪ জেএমবি সদস্যকে আদালতে হাজির হওয়ার আদেশ
জয়পুরহাটে সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় চার্জশিটভুক্ত পলাতক চার জেএমবি সদস্যকে ১ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজিরা দেওয়া সংক্রান্ত বিজ্ঞাপন সংবাদপত্রে প্রচারের আদেশ দেওয়া হয়েছে। স্পেশাল ট্রাইবুনাল--১ এর বিচারক নরেন্দ্র চন্দ্র দাস মঙ্গলবার এ আদেশ দেন।
ইতোপূর্বে আত্মসমর্পণ ও গ্রেফতারকৃত ২৩ জন জেএমবি সদস্যের মধ্যে ১৭ জনের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত না মঞ্জুর করে। সংগঠনটির কথিত জেলা কমান্ডার গোলাম মোস্তফা একই কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠিয়েছিল।
চার্জশিটভুক্ত পলাতক যে চার জেএমবি সদস্যকে ১ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজিরা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে, তারা হল-- ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামের মোখছেদ আলীর পুত্র মন্তে——জার রহমান, একই উপজেলার তালশন নলপুকুর গ্রামের মৃত আনছার আলীর পুত্র লিখন ওরফে সাইফুল ইসলাম, সদরের দড়িপাড়া গ্রামের আ. রাজ্জাকের পুত্র মেহেদী হাসান ওরফে রাজি ওরফে তারিক এবং পলিকাদোয়া গ্রামের আ. করিমের পুত্র মুনসুর রহমান। ১৪ নভেম্বর এই চার জন এবং মঙ্গলবার আত্মসমর্পণকৃত গোলাম মোস্তফাসহ পাঁচ জনের বাড়ির মালামাল ক্রোক করার নির্দেশ দিলে পুলিশ ১৮ নভেম্বর তাদের মালামাল ক্রোক করে।
