২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৈনিক দিনকাল প্রতিনিধিকে বোমা মেরে হত্যার হুমকি

দৈনিক দিনকালের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মনিরুল ইসলাম বাদলকে বোমা মেরে হত্যার হুমকি দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর বিভাগের কর্মচারি রহুল আমীন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সোমবার সকাল ৯ টার দিকে সাংবাদিক বাদল  রিকশাযোগে বগ ইন্দারা-নিমতলা সড়ক দিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

ওই সময় পৌরসভা উদ্যোগে রাস্তার ধারের গাছ কাটা হচ্ছিল। গাছের একটি ডাল রিকশার উপর পড়লে  রিকশাওয়ালা এর প্রতিবাদ জানায়। এতে ক্ষুব্ধ হয়ে ডাল কাটার তদারকিতে নিয়োজিত রুহুল আমীন রিকশাওয়ালার উপর চড়াও হয় এবং বাদলকে অকথ্যভাষায় গালিগালাজ শুরু করে।

বিবাদ এড়িয়ে বাদল ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করলে রুহুল আমীন বার বার তার মটর সাইকেল নিয়ে রিকশার গতি রোধ করে হুমকী দেয় ‘ শালা তোকে ২৪ ঘন্টার মধ্যে বোমা মেরে উড়িয়ে দেবো, তোকে গুম করে ফেলবো’ -- ইত্যাদি।

তাৎক্ষণিকভাবে অন্যান্য সাংবাদিক ঘটনাস্থলে জড়ো হয়ে পৌর চেয়ারম্যানকে না পেয়ে প্যানেল চেয়ারম্যান হাফেজ রফিকুল ইসলাম ও মিজানুর রহমানকে সাংবাদিকরা ঘটনাটি অবহিত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। 

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে তাৎক্ষণিকভাবে এক জরুরি সভা প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে পৌর কর্মচারি রুহুল আমীনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দারি জানানো হয়। এ ব্যাপারে সদর থানায় জিডি করা হয়েছে।

পৌর কর্মচারি রুহুল আমীনের বিরুদ্ধে পৌরসভায় সাধারণ মানুষের সঙ্গে দূর্ব্যবহারসহ এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে।