২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে ৬৭০ কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড শুরু হচ্ছে

পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের জন্যে ৬৭০ কোটি টাকারও বেশি বিদেশি অর্থ বিনিয়োগ হচ্ছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 05:38 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

এরমধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৩২০ কোটি টাকা এবং জাতিসংঘ উন্নয়ন প্রকল্প (ইউএনডিপি) সাড়ে ৩০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। পাহাড়ে বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণের জন্যেও এডিবি অর্থ সহায়তা দিতে রাজি হয়েছে।

বান্দরবান সার্কিট হাউজে সোমবার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান এ সব তথ্য জানান। এসময় জেলা প্রশাসক শেখ আলাউদ্দিন, পুলিশ সুপার ইকবাল বাহারসহ উর্ধ্বতন সরকারি কর্মকতারা উপস্থিত ছিলেন।

মনিস্বপন দেওয়ান বলেন, এ উন্নয়ন তৎপরতার ফলে পাহাড়ে ব্যাপক কর্মসংস্থান, স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগ এবং পর্যটন ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি হবে।

তিনি জানান, ইউএনডিপির প্রকল্প প্রস্তাবনা নিয়ে প্রথমে কিছুটা মতানৈক্য ছিলো। কিন্তু সম্প্রতি পার্বত্য আঞ্চলিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মত প্রস্তাব প্রধানমন্ত্রী খালেদা জিয়া অনুমোদন করেছেন। শিগগিরই সরকার ও ইউএনডিপি এ বিষয়ে একটি সমঝোতাস্মারক (এমওইউ) স্বাক্ষর করবে। এরপরই মাঠ পর্যায়ে শুরু হবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন।