১৩তম সার্ক শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করছে বাংলাদেশ
সার্কের চেয়ার বাংলাদেশ ঢাকায় অনুষ্ঠিত ১৩তম শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমান রোববার সাংবাদিকদের বলেন, আমরা এখন ঢাকা ঘোষণা খতিয়ে দেখছি এবং সার্ক সেক্রেটারিয়েটের সহযোগিতায় তা কীভাবে বাস্তবায়ন করা হবে, তা খুঁজে দেখছি।
সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যাপারে আগামী এক বছরের জন্য একটি ক্যালেন্ডার প্রণয়ন করা হচ্ছে।
রিয়াজ রহমান বলেন, অর্থনৈতিক সহযোগিতা, তহবিল গঠন, সামাজিক চুক্তি, দারিদ্র্য বিমোচন, সার্ক সেক্রেটারিয়েটকে শক্তিশালীকরণÑ এগুলো হচ্ছে আমাদের অগ্রাধিকারভিত্তিক খাত।
অর্থনৈতিক সহয়োগিতার কেন্দ্রে রয়েছে সাফটার বিষয়টি। ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে বাস্তবায়িত হবে। এছাড়া মূলনীতি, সেনসিটিভ লিস্ট এবং ক্ষতিপূরণ কৌশলÑ ঝুলে থাকা এ তিনটি বিষয়ে আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত কাঠমান্ডুতে অনুষ্ঠিত বিশেষজ্ঞদের বৈঠকে সিদ্ধান্ত হবে।
এছাড়া সার্কের তহবিলের ব্যাপারে সার্ক দেশগুলোর অর্থমন্ত্রিরা ইসলামাবাদে এক বৈঠকে মিলিত হবেন। সেখানে সার্ক উন্নয়ন তহবিল (এসডিএফ) গঠনের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এসডিএফ সার্কের সকল কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখবে। ইসলামাবাদে অনুষ্ঠিত এ সংক্রান্ত বৈঠকের তারিখ এখনও ঠিক করা হয়নি।
সার্ক অর্থমন্ত্রিরা ওই বৈঠকে দারিদ্র্য বিমোচনের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সার্ক দারিদ্র্য বিমোচন তহবিল (এসপিএএফ) গঠনের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন।
এছাড়া সন্ত্রাস দমনের লক্ষ্যে সার্ক স্বরাষ্ট্রমন্ত্রিরা এবং স্বরাষ্ট্র সচিবালয় প্রতি বছরের প্রথম তিনমাসের মধ্যে বৈঠকে মিলিত হবেন।
সার্ক সেক্রেটারিয়েটকে শক্তিশালী করতে একটি বিশেষজ্ঞ দল গঠন করা হবে। এ ব্যাপারে বাংলাদেশ একজন বিশেষজ্ঞকে মনোনয়ন দিতে যাচ্ছে।
রিয়াজ রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা একজন বিশেষজ্ঞ মনোনয়ন দিতে যাচ্ছি। প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আমাদের দেশে সার্কের দুজন সাবেক মহাসচিব আছেন। তাদের একজন বিশেষজ্ঞ মনোনীত হতে পারেন।
এতে রাজনৈতিক ক্ষেত্রে সবসময় ভারসাম্য বজায় থাকবে বলে তিনি জানান।
তিনি জানান, আগামী বছরের এপ্রিলের মাঝামাঝি ঢাকায় সার্কের স্থায়ী কমিটির বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে।
আফগানিস্তানকে সার্কভুক্ত করার ব্যাপারে তিনি জানান, এ জন্য সার্ক সনদ সংশোধন করতে হতে পারে।
এদিকে ভারতীয় হাই কমিশনার বীণা সিক্রি, জাপানের রাষ্ট্রদূত মাৎসুশিরো হোরিগুচি এবং ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী রোববার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমানের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
বীণা সিক্রি তার এ সাক্ষাতকে সার্ক সম্মেলনের ধারাবাহিকতা বলে উল্লেখ করেন।
