সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪ শিশুসহ নিহত ১২, আহত ৫০
দেশের বিভিন্ন স্থানে রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ ১২ জন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৪ জন শিশু রয়েছে।
বিডিনিউজ টঙ্গি প্রতিনিধি জানান, রোববার সকালে মিরপুর ১ নম্বর থেকে দুরন্ত পরিবহনের একটি বাস (ছ-১১-০৬৪৩) টঙ্গী যাওয়ার পথে আশুলিয়া রোড়ের ধউর চৌরাস্তা নামক স্থানে পৌঁছলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়। এতে দুরন্ত পরিবহনের যাত্রী মা মনসুরা বেগম (২৫) এবং মেয়ে বৃষ্টি (৪) ঘটনাস্থলেনই নিহত হয় এবং কমপক্ষে আটজন আহত হয়।
আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পঠানো হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক বাস চালককে আটক করেছে। এ ব্যাপারে তুরাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুর সদর থানার খামারবাড়ি নামকস্থানে ফরিদপুর-বরিশাল মহাসড়কে রোববার সকাল ১০ টায় রাস্তা পারাপারের সময় পাজেরো জিপের ধাক্কায় মুন্নী (৮) নামের এক শিশু নিহত হয়েছে।
অপর ঘটনায় একই থানার মস্তফাপুরের ঝিকরহাটি এলাকায় রোববার দুপুরে বাস চাপায় কুনী (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়াও টেকেরহাট-গোপালগঞ্জ সড়কে রাজৈর উপজেলার টেকেরহাট সংলগ্ন সুইসগেট নামকস্থানে পিক আপ ভ্যানের চাপায় ৭৫ বছরের এক বৃদ্ধ সানো পাল মারা যায়।
এ সমস্থ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় রোববার দুপুর দেড়টায় এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
সূত্র জানায়, হালুয়াঘাট থেকে ঢাকাগামী একটি বাস ( মোমেনশাহী ০৪-০০১৬) একটি রিক্সাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিক্সাচালক ও যাত্রীসহ তিনজন নিহত হয়। নিহতরা হচ্ছে, রিক্সাচালক শওকত আলী (৪৫), লাল মিয়া (৩০) এবং আবুল বাশার (২৩)। তাদের বাড়ি জেলার তারাকান্দা থানায়।
পুলিশ বাসটিকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ কুমিল্লা প্রতিনিধি জানান, মদিনা পরিবহনের একটি বাস (কুমিল্লা-ব-০৫-০০৪১) ফেনী থেকে কুমিল্লা যাওয়ার পথে রামমানিকচর নামক স্থানে সামনের চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে সদর থানার মিরগঞ্জ গ্রামের জানে আলম ওরফে রানা (১৮) ও ছোটন নামে অপর একজন নিহত হয় এবং আরও ৪০ জন আহত হয়। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ ফরিদপুর প্রতিনিধি জানান, রোববার সকাল ১০ টার দিকে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া-সদরপুর সড়কের জানপুর নামকস্থানে দ্রুতগামী একটি বাস (ফরিদপুর-ব-০৫-০০১১) অপর এক রিক্সাভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফুলন (৭) নামে এক শিশু নিহত হয়। এ সময়ে ভ্যানচালক হান্নান ও অপর যাত্রী বাবু (৮) গুরুতর আহত হয়। তাদেরকে সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে গত রোববার ভোরে ভাঙ্গা উপজেলার কৈডুবি-সদরদী নামকস্থানে দ্রুতগামী ট্রাক অপর এক রিক্সাভ্যানকে ধাক্কা দিলে ভ্যানচালক আলমগীর (৪০) ঘটনাস্থলেই নিহত হয়। এ ব্যাপারে ভাঙ্গা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
