২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

 গৌতম হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ফরিদপুরে নাগরিক শোকসভায় বক্তারা

দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত অন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন সাংবাদিকবৃন্দ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সাংবাদিক গৌতম হত্যার প্রতিবাদে ফরিদপুরে রোববার বিক্ষুদ্ধ সাংবাদিক সমাজ’র উদ্যোগের আয়োজিত নাগরিক শোকসভায় বক্তারা এ ঘোষণা দেন।

সভায় বক্তারা বলেন, সাংবাদিক, রাজনীতিক ও বিচারকসহ সকল শ্রেণী পেশার মানুষ যাতে নিরাপদে নিজ দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।

সভা থেকেই আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে ২৩ নভেম্বর ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান ধর্মঘট এবং ২৭ নভেম্বর শহরের জনতা ব্যাংক মোড়ে অনশন কর্মসূচি।

বাংলাদেশ অবজারভারের ফরিদপুর প্রতিনিধি জগদীশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোকসভায় সমকাল সম্পাদক গোলাম সরওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব মঞ্জুরুল আহসান বুলবুল, রুহুল আমীন গাজী, আলতাফ মাহমুদ, ওমর ফারুক, কল্যাণ সাহা, সাজেদ রহমান, মুন্সী হারুন-অর-রশিদ, সৈয়দ ইমামুল আজম, সমকালের সহকারী সম্পাদক আবু সাঈদ খান, নিহত সাংবাদিক গৌতমের চাচা জয়দেব দাস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।  

বক্তারা বলেন, গৌতম তার লেখনীর মাধ্যমে সাধারণ মানুষের কথা বলেছেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে তার অঙ্গিকার পূরণ করেছেন। আমরা যদি তার মতো সত্যনিষ্ঠ থেকে মানুষের কথা লিখতে পারি তবেই তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করা হবে।

সাংবাদিক গৌতম হত্যার বিচার দাবি করে তার চাচা জয়দেব দাস বলেন, সমাজের ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে না পারলে সত্য করা বলার কেউ থাকবে না।

শোকসভায় গৌতমের বাবা উপস্থিত থাকলেও আবেগ আপ্লুত হয়ে পড়ায় তিনি বক্তব্য রাখতে পারেননি।

সভায় আগামী বছর থেকে গ্রামীণ সাংবাদিকতার জন্যে গৌতম পুরস্কার প্রদানের ঘোষণা দেন সমকাল সম্পাদক গোলাম সরওয়ার।

ফরিদুপর প্রেসক্লাব সংলগ্ন মুজিব সড়কে আয়োজিত এ শোকসভায় একসময় প্রতিবাদ সভায় রূপ নেয়।