অরবিসের অবস্থানের কারণে চট্টগ্রাম বিমান বন্দরের নিরাপত্তা জোরদার
আন্তর্জাতিক উড়ন্ত চক্ষু হাসপাতাল অরবিসের অবস্থানের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
চক্ষু হাসপাতাল অরবিস গত ১৭ নভেম্বর চট্টগ্রাম আসে। হাসপাতালটিতে চিকিৎসক, চিকিৎসা সহকারী ও বিমান ক্রুসহ মোট ২৩জন কর্মী রয়েছে, যাদের অধিকাংশই যুক্তরাষ্ট্র, কানাডা ও অ্েষ্ট্রলিয়াসহ পাশ্চাত্যের নাগরিক।
বিমান বন্দর সূত্র জানিয়েছে, দেশে জঙ্গি মৌলবাদীদের তৎপরতা বৃদ্ধি পাওয়াতে অরবিসের কর্মকর্তা, কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিমান বন্দরের ব্যবস্থাপক শাহীন ফরহাদ বিডিনিউজকে জানিয়েছেন, অরবিসের অবস্থানের কারণে বিমান বন্দরের ভিতরে ও বাইরে সর্বসাধারণের চলাফেরার ওপর কড়া নজরদারি চলছে।
বিমান বন্দরের নিজস্ব নিরাপত্তা রক্ষী ছাড়াও অরবিসের কর্মকর্তাদের নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর অতিরিক্ত সদস্য নিয়োগ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অরবিসের পরিচালক গর্ডন ডগলাস নিরাপত্তা প্রসঙ্গে বিডিনিউজকে জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমরা পুরোপুরি অবগত।
স্থানীয় প্রশাসন তাদের নিরাপত্তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ডিসি-১০ বিমানের অভ্যন্তরের হাসপাতালটি শাহ আমানত আন্তর্জতিক বিমান বন্দরের চার নং টারমাকে অবস্থান করছে।
এদিকে বিমান বন্দর সূত্র জানিয়েছে, সার্ক সম্মেলনের পর আবারো বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিমান বন্দরের বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নিয়েছে ।
