২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় দুই জঙ্গির ২৫ বছর কারাদন্ড : ১৭ আগস্ট বোমা হামলার মামলায় নওগাঁ ও কুড়িগ্রামে ৭ জনের নামে চার্জশীট

অস্ত্র মামলায় রোববার গোপালগঞ্জে দুই জঙ্গির ২৫ বছর কারাদন্ড প্রদান করা হয়েছে। অন্যদিকে ১৭ আগস্ট বোমা হামলার মামলায় নওগাঁ ও কুড়িগ্রামে ৭ জনের নামে চার্জশীট প্রদান করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 07:23 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

গোপালগঞ্জে সাজা প্রাপ্ত আসামিরা হলো মো. রায়হান সিকদার ওরফে কবির হোসেন মন্ডল ওরফে আবু সায়েম এবং বেলাল হোসেন ওরফে রমজান আলী। তারা উভয়েই মাদ্রসার ছাত্র। গোপাল গঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মো. আকবর হোসেন রোববার এই রায় প্রদান করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ১২ মে রাত তিনটার দিকে দন্ডপ্রাপ্ত দুই আসামি তাদের অপর দুই সঙ্গী রেজাউল ও মিন্টুকে সঙ্গে নিয়ে শহরের বেদগ্রাম রংধনু স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় টহল পুলিশের সামনে পড়ে। এ সময় পুলিশের সন্দেহ হলে পুলিশ তাদের দেহ তল্লাশি করে। কিন্তু জঙ্গিরা ব্যাগে লুকিয়ে রাখা পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি করলে গুলিতে রায়হান আহত হয়। এ সময় অপর দুই সঙ্গি মিন্টু ও রেজাউল পালিয়ে যায়।

পরে পুলিশ একটি রিভলবার, একটি এলজি বন্দুক, আট রাউন্ড গুলি এবং দুটি ছুরিসহ রায়হান ও রমজানকে গ্রেপ্তার করে।

আদালতে আসামি পক্ষে অ্যাডভোকেট ইসমাইল হোসাইন ও রাষ্ট্র পক্ষে অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম মামলা পরিচালনা করেন।

অন্যদিকে নওঁগা ও কুড়িগ্রামে ১৭ আগস্ট বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জনের নামে চার্জশীট প্রদান করা হয়েছে।

বিডিনিউজ নওগাঁ প্রতিনিধি জানান, ১৭ আগস্ট বোমা বিস্ফোরণের মামলার সঙ্গে জড়িত থাকায় জেএমবি সদস্য জেলার নিয়ামতপুর উপজেলার মধ্য পরাণপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল কাইয়ুম কায়েস ওরফে ভদু এবং জেএমবি’র অপারেশন কমান্ডার কুষ্টিয়ার কুমারখালি উপজেলার ত্রিকুল গ্রামের আবু সাইদ শেখ ওরফে হুসাইনকে আসামী করে চার্জশীট দেওয়া হয়েছে।

মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার ওসি মোশারফ হোসেন এই চার্জশীট প্রদান করেন।

বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামের প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট আদালতে রোববার পাঁচজনকে আসামি  করে ১৭ আগস্টের বোমা হামলার মামলার চার্জশীট প্রদান করা হয়েছে।

তদন্তকারি কর্মকর্তা সদর থানার ওসি আহসান হাবিব এই চার্জশীট প্রদান করেন।

আসামিরা হলো- শামসুল হুদা (৪৮), হাফেজ হাবিবুল্লাহ (২৬), হাবিবুর রহমান  (২৬), একরামুল হক (২৩) এবং সাহেব সরকার (৩০)। আসামিদের মধ্যে একরামুল হক পলাতক রয়েছে।