নারায়ণগঞ্জের আদালতগুলোতে ১০ সহস্রাধিক বিচারাধীন মামলা অমীমাংসিত অবস্থায় রয়েছে
বিচারক সংকট ও সাপ্তাহিক ছুটি দুইদিন হওয়ায় নারায়ণগঞ্জের আদালতগুলোতে দশ হাজারের বেশি বিচারাধীন মামলা অমীমাংসীত অবস্থায় ঝুলে আছে। এর ফলে মামলার বিচার প্রার্থী জনগণ চরম ভোগান্তি পোহাচ্ছে।
সূত্র মতে, নারায়ণগঞ্জের আদালতগুলোতে বিচারক সংকট দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে সাপ্তাহিক ছুটি দুইদিন হওয়ায় এ সমস্যা আরও জটিল হয়ে উঠেছে।
নারায়ণগঞ্জের আদালতগুলোতে ফৌজদারী ও দেওয়ানী মামলা পরিচালনায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।
এসব সমস্যার কারণে সংশ্লিষ্ট আদালগুলোতে ১০ হাজারের বেশি বিচারাধীন মামলা অমীমাংসিত অবস্থায় পড়ে রয়েছে। মামলাগুলো কবে নাগাদ নিষ্পত্তি হবে তা স্পষ্ট করে কেউ কিছু বলতে পারছে না।
সূত্র জানায়, মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবুল মনছুর ব্যক্তিগত উদ্যোগে বন্ধের দিনেও আদালতের কাজ করে যাচ্ছেন।
আদালতের একটি সূত্র জানায়, নারায়ণগঞ্জের আদালতগুলোতে বিচারক সংকট দীর্ঘদিনের। অতিরিক্ত জেলা জজ চারজন থাকার কথা থাকলেও রয়েছে একজন। যুগ্ম জেলা জজ আটজনের স্থলে রয়েছে চারজন। একইভাবে সহকারি জজসহ জজশীপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদও শূণ্য রয়েছে।
এসব পদে লোক দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বার বার তাগিদ দেওয়ার পরও কোন কাজ হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিচারক দাবি করেন, চট্টগ্রামের আদালতগুলোতে ৫০ জন বিচারক কর্মরত রয়েছেন। ঢাকার চিত্রও প্রায় একই। এসব জেলাগুলোতে পর্যাপ্ত সংখ্যক বিচারক দিয়ে বিচার কাজ চলছে।
অন্যদিকে নারায়ণগঞ্জের আদালতগুলোতে মামলাও হচ্ছে বেশি আর বিচারকও কম।
জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবুল মনছুর বিডিনিউজকে বলেন, মামলাগুলো নিষ্পত্তির জন্য বিচারক সংকটের নিরসন করতে হবে। প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিনেও আদালতের কার্যক্রম চালু রাখতে হবে।
