পদ্মা সেতুর সম্ভাব্য অধিগ্রহণকৃত স্থানে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা
মাওয়া-জাজিরা পয়েন্টে পদ্মা সেতু নির্মাণের সরকারি সিদ্ধান্তের পর অধিগ্রহণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবর চর, কাঠালবাড়ী এলাকায় রাতারাতি শত শত ঘরবাড়িসহ অবৈধ স্থাপনা গড়ে উঠেছে।
স্থানীয় অধিবাসীরা জানান, এসব স্থাপনা ভেঙ্গে ফেললে সরকারের কাছ থেকে অবৈধ স্থাপনা নির্মাণকারীরা জমির মূল্যসহ ক্ষতিপূরণ বাবদ বাড়তি টাকা পাওয়ার আশায় এ কাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, মাওয়া-জাজিরা পয়েন্টে পদ্মা সেতু নির্মাণের সরকারি ঘোষণা পাওয়ার পর থেকে প্রায় ছয় মাস ধরে শিবচর ও শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন দুটি বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কনস্ট্রাকশন লিমিটেড (বিসিএল) এবং ক্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট (সিসিডিবি) রাস্তার ম্যাপ-ডিমারকেশনও ভিডিও সার্ভের কাজ করে।
সরেজমিনে গিয়ে জানা যায়, জাজিরা উপজেলার মোনছের মোল্লারকান্দি নামক স্থান থেকে মাদবর চর ইউনিয়নের চর রঘুনাথপুর পর্যন্ত মোট ১১ কিলোমিটার দীর্ঘ এ স্থানে পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের জন্য সম্ভাব্য জরিপ কাজ হয়েছে। পদ্মা সেতু স্থল থেকে ১১ কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রোচ সড়কের মধ্যে প্রায় নয় কিলোমিটার শিবচরে এবং দুই কিলোমিটার জাজিরা উপজেলার মধ্যে পড়েছে। এ সড়কের জন্য ১৫০ মিটার প্রশস্ত রাস্তা জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে।
এ এলাকার প্রায় ১২টি গ্রামের মধ্যে শিবচরের নয়শ’ এবং জাজিরার ১১শ’ পরিবার অন্তর্ভুক্ত হবে বলে জানা গেছে।
জাজিরা পয়েন্টের দুই কিলোমিটার পশ্চিমে কাদিবপুর-কুতুবপুর এলাকার গহের আলী মাদবরকান্দি নামক স্থানে পদ্মা সেতুর টোল আদায়ের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। এজন্য জাজিরা ও শিবচর এলাকার চারদিকে দেড় কিলোমিটার এলাকা জুড়ে সার্ভিস এরিয়া স্থাপিত হবে।
পদ্মা সেতুর জন্য শিবচরের মধ্যে নয় কিলোমিটার ও জাজিরার দুই কিলোমিটার ধরা হয়েছে।
নির্ধারিত স্থানে অ্যাপ্রোচ সড়কের উপর ভিডিও চিত্র ধারণ করার আগে এবং পরে এলাকার কিছু সুযোগ সন্ধানী মানুষ পাঁচশ’ ঘরবাড়ি এবং ৫০ হাজার মূল্যবান গাছের চারা রোপণ করেছে।
