২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের অগ্নিদগ্ধ সালমা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

বরিশাল নগরীর গোড়াচাঁদ দাস রোডে কথিত প্রেমিকের দেওয়া আগুনে ঝলসে যাওয়া সালমা শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 10:26 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

জাতীয় মহিলা আইনজীবী সমিতির বরিশাল বিভাগীয় প্রধান অ্যাড. মুনিরা বেগম অগ্নিদগ্ধ সালমার (২৪) মৃত্যুর ব্যাপারে বিডিনিউজকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় গোড়াচাঁদ দাস রোডের শ্যামবাবু লেনের দীপু মিয়ার বাড়ির সামনে প্রকাশ্যে কথিত প্রেমিক নোমান (৩০) তুচ্ছ ঘটনার জের ধরে সালমা বেগমের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরে বাংলা মেডিক্যাল কলেজে ভর্তি করে।

অগ্নিদগ্ধ অবস্থায় পুলিশ সালমার জবানবন্দি নেয়। সে স্বীকার করেছে, নোমান তাকে অগ্নিদগ্ধ করেছে।

তার অবস্থার আরও অবনতি ঘটলে শুক্রবার রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাকা মেডিক্যালে তার মৃত্যু হয়। সালমার বাড়ি পটুয়াখালীর বাউফল বন্দরে। সালমার বাবার নাম তোজাম্বর আলী।