২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সাংবাদিক গৌতম দাস হত্যাকাণ্ড: ১ জন আটক, স্মারকলিপি পেশ, রোববার ফরিদপুরে নাগরিক শোক সভা

সাংবাদিক গৌতম দাসের হত্যায় জড়িত সন্দেহে ফরিদপুর কোতয়ালী পুলিশ শনিবার সন্ধ্যায় শহরের নীলটুলী এলাকা থেকে এক যুবকে গ্রেপ্তার করেছে। এদিকে সাংবাদিক হত্যার প্রতিবাদে জেলার বিভিন্ন সংগঠন সভা সমাবেশ করেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

গ্রেপ্তারকৃত যুবকের নাম তামজিদ হোসেন বাবু (৩০)। সে নীলটুলী এলাকার দেলোয়ার হোসেনের পুত্র। পুলিশ সাতদিন রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে।

এদিকে গৌতম হত্যার প্রতিবাদে ফরিদপুর সাংবাদিক সমাজ ঘোষিত চারদিনের প্রতিবাদ কর্মসূচির তৃতীয় দিনে শনিবার দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে।

বিকেলে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ শহরের জনতা ব্যাংক মোড়ে প্রতিবাদ সমাবেশ করেছে।

এছাড়া জেলার বোয়ালমারীতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক গৌতম দাসের জন্মস্থান ভাঙ্গায়ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় গৌতম স্মৃতি রক্ষা কমিটি গঠন করা হয়েছে।

রোববার বিকেল ৩টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। শোকসভায় সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সরওয়ারসহ বিশিষ্ট সাংবাদিকগণ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস বৃহস্পতিবার নিজ অফিসে খুন হন।