২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দৈনিক সমকালের ব্যুরো প্রধান গৌতম দাসকে শ্বাসরোধ করে হত্যা, বিভিন্ন স্থানে বিক্ষোভ

দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরোপ্রধান ও নিজস্ব প্রতিবেদক গৌতম দাসকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 06:36 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

বৃহস্পতিবার দুপুরে শহরের জনতা ব্যাংক মোড়ের স্মরণি সুপার মার্কেটের তিনতলার অফিস কক্ষ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ দুপুর সোয়া ২টায় অফিস কক্ষের দরজা ভেঙে গলায় নাইলনের দড়ি দিয়ে ফাঁস লাগানো এবং দুই হাতপা ভাঙা অবস্থায় গৌতম দাসের লাশ উদ্ধার করে।

ময়নাতদন্তকারী চিকিৎসকদের বরাত দিয়ে ফরিদপুর পুলিশ সুপার জানান, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

বৃহস্পতিবার সকালের কোনও এক সময় তাকে খুন করা হয়েছে বলে স্থানীয় সূত্র ধারণা করছে।

ফরিদপুর সমকাল অফিসের প্রতিবেদক হাসানউজ্জামান জানান, তিনি সকাল ১০টার দিকে এসে অফিসের ইন্টারলক সিস্টেমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে ফিরে যান। দুপুর ১টার দিকে এসে তিনি আবারও অফিসের দরজা বন্ধ দেখে কিছুক্ষণ ডাকাডাকি করে কাউকে খুঁজে না পেয়ে কোতয়ালী থানায় খবর দেন। পরে দুপুর সোয়া ১টার দিকে পুলিশ এসে অফিসের দরজা ভেঙে গৌতম দাসের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্যে মর্গে নিয়ে যায়।

গৌতম দাসের কাকা সম্পর্কীয় একজন প্রতিবেশী জানান, সকাল ৭টায় তিনি গৌতমের সঙ্গে মোবাইলে কথা বলেছেন। তিনি গৌতমকে তাদের পরিচিত এক রোগী দেখতে হাসপাতালে যেতে বললে গৌতম তাকে জানায়, কিছুক্ষণের মধ্যেই সে হাসপাতালে যাবে।

গৌতম দাসের হত্যার খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় তারা গৌতমের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন।

বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের ময়না তদন্ত চলছিল। ময়নাতদন্ত শেষে গৌতমের লাশ ফরিদপুর প্রেসক্লাবে এনে রাখা হবে। পরে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের মরচুয়ারিতে রাখা হবে। সেখান থেকে মরদেহ শুক্রবার সকাল ১০টার পর তার গ্রামের বাড়ি ভাঙা থানার চণ্ডীদাসদী গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

নিহত সাংবাদিক গৌতম দাস ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চণ্ডীদাসদী গ্রামের বলরাম দাসের দ্বিতীয় পুত্র। শুরু থেকেই তিনি দৈনিক প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি হিসেবে কাজ করেন। সম্প্রতি তিনি দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক হিসেবে যোগ দেন।

স্থানীয় সাংবাদিকরা এ খুনের ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়ে কালো ব্যাজ ধারণ করে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সাংবাদিকরা চারদিনের কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশে ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল উপস্থিত হয়ে দোষীদের খুঁজে বের করার আশ্বাস দেন।

স্থানীয় সাংসদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।

এদিকে গৌতম দাসের হত্যার খবরে দেশের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনার নিন্দা জানিয়ে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ ও শোক সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকরা এ হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তার জোর দাবি জানান।