বিচারকদের চলাফেরা সীমিত করার পরামর্শ
পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে সরকার জেলা পর্যায়ের বিচারকদের চলাফেরা সীমিত করার পরামর্শ দিয়েছে বলে জানা গেছে।
ঝালকাঠিতে সোমবার বোমা হামলায় দুই বিচারক নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পরামর্শক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেলা পর্যায়ের বিচারকদের নিরাপত্তার জন্যে এ পদক্ষেপ নেয়।
সুপ্রীমকোর্ট ও হাইকোর্টের বিচারকদের নিরাপত্তার জন্যে গানম্যান নিয়োগ করলেও সারা দেশের জেলা পর্যায়ের বিচারদের জন্যে সার্বক্ষণিক পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় সরকার মৌলিক অধিকার পরিপন্থী এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে আদালত সূত্র উল্লেখ করে।
চট্টগ্রামের দু’জন জজ তাদের চেম্বারে বুধবার সাংবাদিকদের বলেছেন, ‘কার্যত আমরা বন্দী, আমাদের চলাফেরা অলিখিতভাবে সীমিত করা হয়েছে কিন্তু সমগ্র আদালত এলাকা এখনও অরক্ষিত’।
নাম প্রকাশ না করার শর্তে জজরা আরো বলেন, জঙ্গি মৌলবাদী গোষ্ঠী অব্যাহতভাবে বিচারক এবং আদালতকে লক্ষ্যবস্তুতে পরিণত করায় আমাদের চলাফেরায় এ ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ঝালকাঠির দুই বিচারক নিহত হওয়াার পর আতংকিত একজন জজ জানিয়েছেন, তিনি মসজিদে যাওয়া বন্ধ করে বাসায় নামাজ আদায় করছেন।
শুধু তাই নয়, চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম তার বাসার সামনে থেকে নামফলক পর্যন্ত নামিয়ে ফেলেছেন। পাশাপাশি একজন সিনিয়র জজ তার গাড়ির সামনের মনোগ্রাম সরিয়ে ফেলার চিন্তা-ভাবনা করছেন বলেও জানা গেছে।
সংশ্লিষ্টরা বলেন, চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট ছাড়াও বিচার বিভাগে কর্মরত ৩৫জন কর্মকর্তা বর্তমানে কার্যত অবরুদ্ধ জীবনযাপন করছেন।
বর্তমানে চট্টগ্রামে কর্মরত ১১জন জেলাজজ পদমর্যাদার কর্মকর্তার মধ্যে মাত্র চারজন গানম্যানসহ সার্বক্ষণিক নিরাপত্তাসুবিধা পাচ্ছেন।
আদালত সূত্র জানিয়েছে, বুধবার থেকে বিচারকদের বহনকারী একটি মাইক্রোবাসে দু’জন গানম্যান দেওয়া হয়েছে।
দেশব্যাপী ১৭ আগস্টের বোমা হামলা, ৩ অক্টোবর চট্টগ্রামসহ তিনটি জেলার আদালতে বোমা হামলা এবং সর্বশেষ ঝালকাঠিতে বোমা হামলায় দুই বিচারক নিহত হওয়ার পর চট্টগ্রামের বিচারকরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
