২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার পাইকগাছা থেকে জেএমবি’র লিফলেট ও বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসের নিচতলা থেকে পুলিশ বুধবার সকালে বোমা সদৃশ্য দু’টি বস্তু ও জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি’র চারটি লিফলেট উদ্ধার করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 01:53 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

এ ঘটনায় উপজেলা পরিষদসহ আশেপাশের এলাকায় আতংক দেখা দিয়েছে।

পুলিশ জানায়, বুধবার সকাল ৭টা ৩৫ মিনিটে উপজেলা নির্বাহী অফিসের পিওন অফিসের সামনে স্যালুট স্ট্যান্ডের কাছে একটি সাদা কাগজে মোড়ানো এবং দুইতলা ভবনের নিচতলার কলাপসিবল গেটের পাশে আরও একটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পান। এ সময় অফিস চত্ত্বরের বিভিন্ন স্থানে চারটি লিফলেট পড়ে থাকতে দেখা যায়। পিওন সাথে সাথে বোমা এবং লিফলেটের কথা উর্দ্ধতন কর্মকর্তাদের জানায়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই দু’টি বস্তু ও লিফলেট চারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাতে লেখা জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের এ লিফলেটে বলা হয়েছে, মানব রচিত আইন নয়, আল্লাহর আইন চাই। এছাড়া লিফলেটে ইসলামী শাসন বাস্তাবায়নের আহবান জানানো হয়। তা না হলে ইউএনও, ম্যাজিষ্ট্রেট ও জজদের হত্যা করা হবে বলে লিফলেটে হুমকি দেওয়া হয়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করেন।