বোমা হামলায় বিচারক হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে হরতাল পালিত, দেশজুড়ে আদালতপাড়ায় আতঙ্ক, বিশেষ সতর্কতা
বোমা হামলায় দু’জন বিচারক হত্যার প্রতিবাদে বুধবার ঝালকাঠিতে আওয়ামী লীগের ডাকা অর্ধদিবস হরতাল স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
হরতালের সময় শহরের দোকানপাট, আদালত, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। ব্যাংকে লেনদেন ছিলো সামান্য। অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে উপস্থিতির সংখ্যা ছিল সামান্য। যানবাহন চলাচল করেনি। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল বের করে। শহরের মোড়ে মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামী আইনজীবী পরিষদও শহরে বিক্ষোভ মিছিল বের বরে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হরতাল চলাকালে বিচারক, শিক্ষক ও অন্যান্য পেশাজীবীদের সম্মিলিতি এক শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা নিহত দুই বিচারকদের পরিবারকে ৫০ লাখ টাকা করে মোট এক কোটি ট্কাা ক্ষতিপূরণ দেওয়ার জন্যে সরকারের প্রতি দাবি জানান।
জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনোয়ারুল হক সভায় সভাপতিত্ব করেন।
এছাড়া নিহত বিচারকদের বাসভবনে পুলিশ প্রহরা এবং আহতদের সুচিকিৎসারও দাবি জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে যুগ্ম জেলা জজ ( প্রথম আদালত) মোহাম্মদ ইসমাইল হোসেন, যুগ্ম জেলা জজ (দ্বিতীয় আদালত) এবিএম আউয়াল, প্রশাসনিক কর্মকর্তা সিকান্দার কবির, আবুল হোসেন এবং জালালউদ্দিন বক্তব্য রাখেন।
এদিকে বোমা হামলায় আটক ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্যে রিমান্ডে নেয়া হয়েছে।
সোমবার রাত ও মঙ্গলবার সকালে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আটককৃতদের মধ্যে সুলতান হোসেনকে (৫০) বোমা মামলায় এবং বাকিদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
আদালত থেকে সুলতানকে সাত ও বাকিদের পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়।
সোমবার সকালে বাসা থেকে অফিসে আসার পথে বোমা হামলায় সোহেল আহমেদ এবং জগন্নাথ পাঁড়ে নামে ঝালকাঠির দু’জন সিনিয়র সহকারী জজ নিহত হন।
ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমাসহ মামুন নামে একজনকে পুলিশ আটক করে।
এদিকে ঢাকায় পঙ্গু হাসপাতালের প্রিজন সেলে কড়া পুলিশ প্রহরার মধ্যে জেএমবি’র কথিত সুইসাইড স্কোয়াড-এর সদস্য মামুন এর চিকিৎসা চলছে। তার অবস্থা উন্নতির দিকে বলে চিকিৎসকরা জানান।
বিডিনিউজ জেলা প্রতিনিধিরা জানান, সারা দেশের আদালতগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নাশকতা প্রতিরোধ করতে আদালতপাড়াগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তারক্ষী।
