২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেয়ারের পল্লী রক্ষণাবেক্ষণ প্রকল্পের দায়িত্ব আগামী বছর জুনের মধ্যে স্থানীয় সরকার বিভাগে হস্তান্তর করা হবে

কেয়ার বাংলাদেশ পল্লী রক্ষণাবেক্ষণ কার্যক্রম (রুরাল মেইন্টেন্যান্স প্রোগ্রাম বা আরএমপি) প্রকল্পের বাস্তবায়ন ও পরিচালনার দায়িত্বভার ২২ বছর পর আগামী বছর জুনের মধ্যে স্থানীয় সরকার বিভাগের হাতে পুরোপুরি হস্তান্তর করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 04:35 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

এ প্রক্রিয়ার অংশ হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের সভাকক্ষে সোমবার আরএমপি প্রাতিষ্ঠানিকীকরণ পাইলট কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক এম ফজলে রাব্বী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল লতিফ।

কেয়ার বাংলাদেশ ১৯৮২ সাল থেকে দেশের ৬১টি জেলার ৪,২০০ ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে। বাংলাদেশ সরকার, কানাডীয় সাহায্য সংস্থা (সিডা) ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পটির দারিদ্র্যবিমোচনে দেশের সর্ববৃহৎ প্রকল্পগুলোর একটি। এ প্রকল্পের অধীনে দুঃস্থ মহিলাদের কর্মসংস্থান, গ্রামীণ কাঁচারাস্তা সংরক্ষণ এবং আয় বৃদ্ধি ও বহুমূখীকরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

গাজীপুর পাইলট প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট ইউনিয়ন ও উপজেলা কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে, যাতে তারা দক্ষতার সাথে পল্লী রক্ষণাবেক্ষণ কর্মসূচি গ্রহণ ও পরিচালনা করতে পারেন। অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুর পাইলট কর্মসূচির অভিজ্ঞতার আলোকে দেশের অন্য ৬০ জেলায় প্রক্রিয়াটি সম্প্রসারণ করা হবে।

পাইলট কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ারুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আতিয়ার রাহমান, ডিডি-এলজি মো. সলিম উল্লাহ, আইরীনা ওস্ক, প্রোগ্রাম কো-অর্ডিনেটর-আরএমপি, কেয়ার বাংলাদেশ, এসএম মাকসুদ কবীর, প্রোজেক্ট কো-অর্ডিনেটর (অপারেশন)-আরএমপি, কেয়ার বাংলাদেশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাণ এবং উপজেলা আরএমপি সেল এর সদস্যবৃন্দ।