বিচারক সোহেল আহমেদের জীবনবৃত্তান্ত
বিচারক সোহেল আহমেদের তিন বছর বয়সী একমাত্র শিশুপুত্র আহমেদ ইফতিয়ার ইফতি জানে না যে, তার বাবা আর কোনদিন ফিরে আসবে না।
বিচারক সোহেল আহমেদের বৃদ্ধ পিতা ড. মনসুর আহমেদ এবং মাতা ফয়জুন্নেসাকে সোমবার সন্ধ্যায়ও তাদের প্রিয়পুত্রের মৃত্যুর খবর জানানো হয়নি।
সোহেল আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভোলা শহরের কালীবাড়ি রোডে তাদের বাড়ির সামনে শত শত লোক জমায়েত হয়। তার বাবা-মা জানেন, সহকারী জজ সোহেল আহমেদ একটি দুর্ঘটনায় আহত হয়েছেন।
সোহেল আহমেদের স্ত্রী ফারজানা কান্তা বিকেলের মধ্যেই তার জীবনের সবচেয়ে বিষাদময় সংবাদটি পেয়ে গেছেন। বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি।
সোহল আহমেদের শ্যালক জুবায়ের কান্না জড়িত কণ্ঠে বললেন, সোহেল মারা গেছে, সেই সাথে মারা গেছে তার পরিবারের এই লোকগুলোও!
বলতে বলতে ক্ষোভে ফেটে পড়েন জুবায়ের, আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? বিচারকের জীবনের নিরাপত্তা না থাকলে, বিচার বিভাগ দিয়ে আর কি হবে?
সহকারী জজ সোহেল আহমেদের ডাকনাম দিদার। বাবা ড. মনসুরের মেধাবী চার ছেলের মধ্যে তিনি দ্বিতীয়। স্কুল জীবন থেকেই সোহেল বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
১৯৮৬ সালে এসএসসি এবং ১৯৮৮ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন সোহেল আহমেদ।
ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি সবসময়ই একজন বিচারক হওয়ার স্বপ্ন দেখতেন। ১৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি বিচারক হিসেবে নিয়োগ লাভ করেন।
সর্বশেষ তিনি ঝালকাঠীতে সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার বড় ভাই মঞ্জুর মোর্শেদ শেলী বিজ্ঞান গবেষণাগারের গবেষণা কর্মকর্তা এবং ছোটভাই সাইফুল আহমেদ সুমন বেক্সিমকো টেক্সটাইলে কর্মরত।
ভোলা শহরের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম মোহসিনের কন্যা ফারজানা কান্তাকে ২০০০ সালে বিয়ে করেন সোহেল আহমেদ।
