নন-ব্যালটি হজ্ব যাত্রীদের ভাড়া ১,১৫০ মার্কিন ডলার
সরকার নন-ব্যালটি হজ্ব যাত্রীদের জন্য ১,১৫০ মার্কিন ডলার উড়োজাহাজ ভাড়া নির্ধারণ করেছে।
সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিমান পরিচালনার পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, এ বছর বিমান ব্যালটি , নন-ব্যালটি মিলে প্রায় ১৮ হাজার হজ্ব যাএী পরিবহন করবে।
এর আগে নেওয়া মন্ত্রী সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিমান জনপ্রতি ব্যালটি হাজীদের ৯৫০ ডলারে পরিবহন করবে।
বিমান সূত্র জানায়, ধর্ম মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২,৬০০ ব্যালটি হজ্বযাত্রী এবার হজ্ব আদায় করছে। নন-ব্যালটি হাজ্বীর সংখ্যা এখনও পাওয়া যায়নি ।
বিমান প্রতিমন্ত্রী মীর নাছির সাংবাদিকদের জানান, ৯৫০ ডলারে ব্যালটি এবং নন-ব্যালটি হজ্বযাএী পরিবহন করলে বিমানের লোকসান হবে প্রায় ২৩ কোটি টাকা। বিমানের এ লোকসানের টাকা সরকারের কাছে ভর্তুকি হিসেবে বরাদ্দ চাওয়া হবে।
তিনি আরো জানান, নন-ব্যালটি হাজ্বীদের সঠিক কোনো হিসাব পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে তাদের সংখ্যা ২০ হাজারের বেশী হবে না।
সভায় সব ধরণের হাজ্বীর সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেলে বাড়তি হাজ্বীদের ১১৫০ ডলারে পরিবহনের জন্য বিমানের ব্যবস্থাপনা পরিচালককে দায়িত্ব দেওয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে পর্ষদ সদস্য মাহমুদুল হক রুবেল এমপি, অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, যোগাযোগ সচিব শফিকুল ইসলাম, বিমান মন্ত্রণালয়ের সচিব একেএম জাফরুল্লাহ খান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান , সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার কমোডর হারুন চৌধুরীসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
