২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলায় দুই বিচারক নিহতের ঘটনায় দেশব্যাপী বিচারকদের আদালত বর্জন, আইনজীবীদের বিক্ষোভ, নিন্দা প্রতিবাদের ঝড়

ঝালকাঠিতে বোমা বিস্ফোরণে দু’জন বিচারক নিহত হওয়ার ঘটনায় সোমবার ঢাকাসহ সারা দেশে বিচারকরা আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন। এছাড়াও এ ঘটনার প্রতিবাদে সারা দেশের আইনজীবীরা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 06:47 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

ঢাকা দায়রা জজ আদালতের সভাকক্ষে সোমবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস অ্যাসোসিয়েশনের জরুরি সভায় নিহত বিচারকদের প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়। এছাড়া নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অ্যাসোসিয়েশন সরকারের কাছে একটি দাবিনামা পেশ করে। দাবি পূরণ না করা হলে ২১ নভেম্বরের পর থেকে সারা দেশের জেলা জজ আদালত বর্জন করা হবে বলে তারা জানিয়েছেন।

সভায় ঢাকার মুখ্য মহানগর হাকিম এবং জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকরা উপস্থিত ছিলেন।

এদিকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন হাইকোর্টে আয়োজিত এক জরুরি বৈঠকে ঝালকাঠিতে বোমা হামলায় বিচারক নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে।

এ ঘটনার প্রতিবাদে ঢাকা আইনজীবী সমিতি আগামী তিন দিন কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করেছে।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দল মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি হাতে নিয়েছে।

বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার ১৪ দলের এক সভা থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি এ কর্মসূচি ঘোষণা করেন।

এছাড়া জজ হত্যা ঘটনার প্রতিবাদে আওয়ামী যুবলীগ সোমবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি দিয়েছে।

দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির খবর পাওয়া গেছে।

বিডিনিউজের চট্টগ্রাম ব্যুরো অফিস জানায়, ঝালকাঠিতে বোমা হামলায় দু’জন বিচারক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিচারকরা সোমবার জেলা এবং মহানগর আদালত বর্জন করেন এবং বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেন।

সারা দেশের বিচারক, আইনজীবী এবং আদালত কর্মচারিদের মধ্যে ঘটনার পর থেকে আতঙ্ক ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এবং তারা আদালত প্রাঙ্গণ ত্যাগ করতে থাকে।

পিরোজপুর প্রতিনিধি জানান, ঝালকাঠিতে বোমা হামলার পরপরই পিরোজপুরে পুুলিশ একটি ভূয়া বোমা উদ্ধার করেছে ।

পুলিশ জানায়, জনমনে আতঙ্ক সৃষ্টির জন্যে এটি করা হয়েছে। তবে কে বা কারা এটি করেছে পুলিশ তা সনাক্ত করতে পারেনি।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, ঝালকাঠিতে বোমা হামলায় দুজন বিচারক নিহত হওয়ার ঘটনার সিরাজগঞ্জ আদালতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময পুলিশ আদালতে হাজিরা দিতে আসা এক ব্যক্তিতে আটক করে।

পুলিশ জানায়, কাজীপুর উপজেলার সোনামুখী গ্রামের গোলাম মোস্তফা নামের ওই ব্যক্তিকে জঙ্গি সন্দেহে আটক করা হয়। তার কাছ থেকে পাঁচটি ফ্লপি উদ্ধার করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা জজ মাজদার হোসেন বিডিনিউজকে জানান, তাকে টেলিফোনে জঙ্গি সংগঠনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। তিনি আইন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেছেন।

খুলনা প্রতিনিধি জানান, বোমা হামলায় ঝালকাঠির আদালত পাড়ায় দুই বিচারক নিহত হওয়ার ঘটনার পরপরই খুলনার আদালত পাড়ায় রেড এলার্ট জারি করা হয়েছে। আদালতের বাসা থেকে আদালতে যাওয়া-আসার পথে বিচারকদের জন্যে পুলিশ বিশেষ ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। শতাধিক পুলিশের পাশাপাশি র‌্যাব, সিটিএসবি, ডিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা আদালত পাড়ায় কঠোর নিরাপত্তা গ্রহণসহ সতর্ক নজরদারী করছে।

লক্ষীপুর প্রতিনিধি জানান, ঝালকাঠির ঘটনার পর বিচারকদের নিরাপত্তার লক্ষ্যে জেলা জজকোর্ট ও পাশ্ববর্তী এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া জেলার সকল জজদের নিরাপত্তার বিষয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশের উর্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এদিকে নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, এ ঘটনার প্রেক্ষিতে পুলিশ নারায়ণগঞ্জের গার্মেন্টস শ্রমিকদের ওপর পুলিশ কড়া নজরদারি বৃদ্ধি করেছে। কেননা ১৭ আগস্ট সেখানে বোমা হামলার ঘটনার সাথে জড়িতদের বেশিরভাগই গার্মেন্টস কর্মীর ছদ্মবেশ ধারণ করেছিল।

এছাড়াও বিডিনিউজের বিভিন্ন জেলা প্রতিনিধি জানান, বেশিরভাগ জেলা আদালতে বিচারকার্য বন্দ ছিল। বিচারকরা এবং আইনজীবীরা আদালত বর্জন ছাড়াও প্রতিবাদ সভা ও মিছিল সমাবেশ করেছেন।

ঝালকাঠিতে বোমা হামলায় বিচারক নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ বার কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সাহারা খাতুন, হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেড আই খান পান্না, হাউস কমিটির চেয়ারম্যান পিসি গুহ, বার কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি মাহবুবে আলম গভীর উদ্বেগ প্রকাশ করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাসহ ১৪ দল নেতৃবৃন্দ, জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, প্রগতিশীল আইনজীবী ফ্রন্ট, বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রক্তন ছাত্র সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।