২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইয়ুমের রেকর্ড, সাক্ষী হয়ে রইলেন এরশাদ

মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম ১৯৮৫ সালে সার্কের প্রথম আসর থেকে এখনও আছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 09:33 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

এ সম্মেলনের প্রতিটিতে যোগ দিয়ে শনিবার তিনি পৌঁছে গেলেন অন্যরকম এক উচ্চতায়। তার সঙ্গে প্রথম সম্মেলনে যোগ দেওয়া বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি এইচএম এরশাদ দর্শকসারিতে বসে দৃশ্যটি চেয়ে চেয়ে দেখলেন।

এরশাদ ১৯৯০ সালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। ত্রয়োদশ সার্ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মামুন যখন বক্তব্য রাখছেন, এরশাদ হয়ত তখন পুরনো স্মৃতি হাতড়ে বেড়াচ্ছিলেন।

গাইয়ুম ২০ বছরের ১৩ সম্মেলনের কোনওটিতেই বাদ পড়েননি।

ঢাকায় প্রথম সম্মেলনে যোগ দেওয়া নেতাদের মধ্যে ভারতীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, নেপালের রাজা বীরেন্দ্র এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক আততায়ীদের হাতে খুন হয়েছেন।

সার্কের অপর প্রতিষ্ঠাতা ভুটানের রাজা জিগমে সিঙমে ওয়াংচুক দেশটিতে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সে সুবাদে বর্তমান সরকার প্রধান, অর্থাৎ প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দিয়েছেন।

প্রথম সম্মেলনে আরো যোগ দিয়েছিলেন শ্রীলংকার তৎকালীন প্রেসিডেন্ট জুনিয়াস জয়বর্ধনে। তিনি পরবর্তীতে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।

১৯৭৮ সাল থেকে গাইয়ুম একটানা মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসছেন।