চন্দ্রিকাকে বিদায় জানালেন সার্ক নেতারা
এবারের সম্মেলনই শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার বিদায়ী সম্মেলন। তাই শনিবার ত্রয়োদশ সার্ক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনেই তাকে বিদায় জানান সার্ক নেতারা।
সার্কের বিদায়ী চেয়ারপার্সন পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ বলেন, আমরা তার বিচক্ষণতা ও অনুপ্রেরণাদায়ক নেতৃত্বের অভাব বোধ করব। আমরা রাষ্ট্রীয় কর্মকান্ড এবং সাকের্র ক্ষেত্রের অবদানের জন্যে তার ভবিষ্যত সাফল্য কামনা করছি।
এগারো বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন শেষে এ বছরই তার মেয়াদ শেয় হচ্ছে। এ কারণে এটিই তার সার্ক সম্মেলনে শেষবারের মতো অংশগ্রহণ।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমসহ অন্যান্য সার্ক নেতারাও বিদায় জানান চন্দ্রিকা কুমারাতুঙ্গাকে।
তারা বলেন, গত এক দশকেরও বেশি সময় ধরে কুমারাতুঙ্গা আঞ্চলিক সহযোগিতা ক্ষেত্রে অবদান রেখে আসছেন।
সার্ক নেতাদের বিদায়ী শুভেচ্ছার জবাবে আন্তরিক কৃতজ্ঞতা জানান শ্রীলংকার এই সাহসী ও বিচক্ষণ প্রেসিডেন্ট। রাষ্ট্র প্ররিচালনার ক্ষেত্রে সার্ক দেশসমূহের নেতাদের আন্তরিক সহযোগিতা ও উৎসাহের কথা উল্লেখ করেন তিনি।
আবেগজড়িত কন্ঠে তিনি বলেন, সার্কের ব্যাপারে আমি আশাবদী। আমি মনে করি দক্ষিণ এশিয়াবাসীর স্বপ্ন পূরণে সার্ক সফল হবে।
বাংলাদেশের প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে বৈঠক এবং একটি চুক্তি স্বাক্ষর শেষে রোববার তিনি দেশে ফিরে যাবেন। তাই সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন না।
দেশে নির্বাচনী ব্যস্ততার কারণেই আগেভাগে সম্মেলন ছেড়ে যাচ্ছেন তিনি। কুমারাতুঙ্গা রোববার তার দলের প্রার্থীর পক্ষে শেষ নির্বাচনী বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।
