সার্ক সচিবালয় শক্তিশালীকরণের ওপর জোর দিলেন খালেদা, চন্দ্রিকা
সার্ক রাষ্ট্রগুলোর নেয়া সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন নিশ্চিতকরণের স্বার্থে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা সার্ক সচিবালয় এবং এর প্রতিষ্ঠানগুলো সংস্কার ও শক্তিশালীকরণের প্রয়োজনের ওপর জোর দিয়েছেন।
শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩ তম সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী সেশনে শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা বলেন, সক্ষমতা তৈরির মাধ্যমে সার্ক সচিবালয়কে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়ে আমাদের গভীর চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে।
চন্দ্রিকা জানান, সার্ক সচিবালয়কে শক্তিশালী করতে সদস্য রাষ্ট্রগুলোর উচিত প্রয়োজনীয় সম্পদ ও কর্তৃত্ব প্রদান করা । এছাড়া কারিগরি ও বাস্তবায়ন যোগ্য কাজ গ্রহণের জন্যও প্রয়োজনীয় দক্ষ জনবলের চাহিদা পুরণ করতে হবে।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, সার্ক সচিবালয়ের প্রতিষ্ঠানগুলো এবং এ সবের কার্যক্রমের পর্যালোচনা ও সংস্কারের সময় এসেছে.... আমি মনে করি, সার্কের সকল প্রতিষ্ঠান ও এর কার্যক্রম নিয়ে চুল চেরা পর্যালোচনার জন্য স্থায়ী কমিটি’র একটি বিশেষ অধিবেশনে বসা উচিৎ।
প্রধানমন্ত্রী জানান, পাকিস্তানে আনুষ্ঠিত ১২তম সার্ক শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত আনুসারে সার্ক সচিবালয় শক্তিশালীকরণের জন্য একটি আন্তঃসারকারি কমিটি করার বিষয় বিবেচনা করা যেতে পারে।
এসংক্রান্ত একটি সুপারিশ প্রস্তুত করে তা আগামী স্থায়ী কমিটির সভায় উত্থাপনের জন্য কাউন্সিল অব মিনিস্টার্সকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
