পঞ্চগড়ে বাংলাদেশী কনে ও ভারতীয় বরের মধ্যে বিয়ে সোমবার
পঞ্চগড় শহরে আগামী সোমবার বাংলাদেশী কনে এবং ভারতীয় বরের মধ্যে বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়টি ইতোমধ্যে ‘টক অব দ্যা টাউনে’ পরিণত হয়েছে।
সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার এথেলবাড়ি এলাকার মোঃ ফজলে করিম ও লায়লা করিমের পুত্র ইফতেখার করিমের সাথে পঞ্চগড় জেলা শহরের সিনেমা হল এলাকার কামরুল ইসলাম ঠান্ডু ও তাহমিনা ইসলামের কন্যা উম্মে কুলছুম শিরিনের বিয়ে সোমবার কনের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। বিয়েতে অংশ নিতে শনিবার বর ও তাদের পক্ষের লোকজন ভারত থেকে বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর দিয়ে গাড়ির বহরে করে পঞ্চগড়ে আসেন। বিয়ের পর কনেসহ বরযাত্রীরা একই পথ দিয়ে ভারতে যাবেন।
বিয়ে উপলক্ষে কনের বাড়ি বর্ণিল সাজে সাজানো হয়েছে। বর কনে সম্পর্কে মামাতো ফুফাতো ভাইবোন। দেশ ভাগের সময় বরের পিতামাতা ভারতের জলপাইগুড়িতে বসবাস শুরু করেন। তবে তাদের মধ্যে যোগাযোগ ছিল। কনে পক্ষের লোকজন এ উপলক্ষে সকলকে দাওয়াত করেছেন।
