সার্ক সামাজিক সনদ বাস্তবায়নে আঞ্চলিক কৌশল নিতে হবে: খালেদা জিয়া
দ্বাদশ সার্ক সম্মেলনে গৃহীত সামাজিক সনদ বাস্তবায়নের লক্ষ্যে আঞ্চলিক কৌশল গ্রহণের জন্যে একটি ফোরাম গঠনের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
ঢাকায় অনুষ্ঠেয় ত্রয়োদশ সার্ক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বেগম জিয়া বলেন, সামাজিক সনদে উল্লেখিত নীতিমালা অনুযায়ী সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে আঞ্চলিক কর্মসূচি ও প্রকল্পের সম্প্রসারণ ও বাস্তবায়ন করা প্রয়োজন।
এছাড়াও তিনি সনদের লক্ষ্য বাস্তবায়নের জন্যে বেসরকারি খাত, গণমাধ্যম ও সুশীল সমাজসহ সকল স্টেক হোল্ডারকে অবদান রাখার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শিশু অধিকার সংক্রান্ত সার্ক শিশু অধিকার দশকের (২০০১-২০১০) লক্ষ্য বাস্তবায়নের অগ্রগতি পরিমাপের জন্যে মধ্যবর্তী পর্যালোচনার পরামর্শ দেন।
তিনি সদস্য রাষ্ট্রগুলোকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নারী ও শিশু পাচার রোধ সার্ক কনভেনশন এবং শিশু কল্যাণ সংক্রান্ত কনভেনশন অনুসমর্থন আহ্বান জানান।
উল্লেখ্য, নেপাল এখন পর্যন্ত নারী ও শিশু পাচার রোধ সংক্রান্ত সার্ক কনভেনশন অনুমোদন করেনি।
