গত দুই দশকে সার্ক এ অঞ্চলের জনগণের প্রত্যাশা যথাযথভাবে পূরণ করতে পারেনি : মনমোহন সিং
ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন গত দুই দশকে সার্ক এ অঞ্চলের জনগণের প্রত্যাশা যথাযথভাবে পূরণ করতে পারেনি। সার্কের তৃতীয় দশকে এসে সকল ভেদাভেদ ভুলে সমঝোতামূলক অর্থনৈতিক উন্নয়নের প্রতি জোর দেওয়ার আহ্বান জানান তিনি।
ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, নতুনভাবে সার্ক গড়তে হলে আমাদের ঐতিহাসিক সব ভেদাভেদ ভুলে যেতে হবে। তিনি বলেন, এক্ষেত্রে ভারত সবকিছু করতে রাজি।
সার্কের ত্রয়োদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, সাকের্র চলার পথের ২০ বছর পার হওয়ার পর এখন সত্যিকার অনুধাবন করার সময় এসেছে সার্ককে কার্যকর করতে এবং এ অঞ্চলের একটি সহযোগিতামূলক সংস্থা হিসেবে গড়ে তুলতে এর প্রতি ন্যায়বিচার করা হয়েছে কিনা?
তিনি বলেন, এ প্রশ্নের সত্যিকার জবাব হলে ‘না’। সার্ক পারেনি এ অঞ্চলের জনগণের প্রত্যাশা পূরণ করতে। ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, এখন সময় এসেছে অতীত ভুলে সার্ককে শুধু এ অঞ্চলের নয় সারা বিশ্বের একটি সফল সহযোগিতামূলক সংস্থা হিসেবে গড়ে তোলার। তিনি বলেন, আমি আশা করি ২০০৬ সালের জানুয়ারি থেকে সাফটা কার্যকর হবে। তবে এটা হবে আমাদের লক্ষ্য অর্জনে শুরুর পর্ব মাত্র।
মনমোহন সিং বলেন, দক্ষিণ এশিয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসেবে কোন সমস্যার সমাধান একক কোন জাতির পক্ষে করা সম্ভব নয় বরং এশিয়া এবং আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে সার্ক দেশগুলোর আঞ্চলিক সহযোগিতার প্রতি জোর দেয়া উচিত।
তিনি বলেন, আসিয়ান দ্রুত একটি সমন্বিত অথনৈতিক সংস্থায় পরিনত হচ্ছে। অর্থনীতিকে আরো শক্তিশালী করতে আসিয়ানের মধ্যেও পূর্ব এশিয়ার ইকোনোমিক সামিট হচ্ছে। আমরা দেখছি ব্যবসা বানিজ্য এবং অর্থনীতিকে শক্তিশালী করতে এবং এশিয়ার নিজস্ব একটা সত্ত্বা গড়ে তুলতে এসব সংগঠন কাজ করছে। এখন প্রশ্ন হলো সার্ক কি এসব সংস্থার সাথে কাজ করবে না কি ক্ষুদ্র পরিধির মধ্যেই থেকে যাবে?
তিনি বলেন, অতীতের ২০ বছর সার্ক যেভাবে চলেছে এখনো যদি সেভাবে চলে তাহলে এ অঞ্চলের জনগণ কোন সুবিধা পাবে না আর সার্কও কার্যকরী কোন কিছু হবে না?
মনমোহন সিং বলেন, আমরা যদি চাই আগামী ২০ বছরে সার্কের ভিন্ন এবং কার্যকরী রূপ দেখতে তাহলে আমাদের প্রথমেই সার্কের প্রতিবেশী দেশগুলোকে পরষ্পরের সাথে সম্পর্কযুক্ত হতে হবে।
এজন্যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সড়ক এবং যাতায়ত ব্যবস্থা এক করে এবং যোগযোগ ব্যবস্থার উন্নয়ন করে সার্ক দেশগুলোকে এক সুতোয় বাঁধতে হবে।
তিনি বলেন, এজন্যে এ সার্ক শীর্ষ সম্মেলনেই আমাদের পরষ্পরের সাথে সম্পর্কযুক্ত হওয়ার সিদ্ধান্ত নিতে হবে। সার্কের প্রতিটি দেশই শুধু নয় আমাদের সম্পর্কযুক্ত হতে হবে উপসাগরীয় দেশ, মধ্য এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথেও।
মনমোহন সিং ভারতের পক্ষ থেকে এক্ষেত্রে একটি প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, আগামী সার্ক শীর্ষ সম্মেলনের সময় ভারত থেকে একটি গাড়ির র্যালি বের করা হবে যেটি সার্কের সবগুলো দেশ প্রদক্ষিন করবে। এটা হবে সার্কের দেশগুলোর পরষ্পরের সাথে সম্পর্কযুক্ত হওয়ার প্রতীকি উদ্যোগ।
তিনি সার্ক দেশগুলোর মধ্যে প্রতিদিন নিয়মিত বিমান চালুর কথাও বলেন।
ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, সার্ক দেশগুলোর মধ্যে জনগণের অবাধ যাতায়ত ব্যবস্থা চালু করা উচিত তবে সেটা সতর্কতার সাথে। কোন দেশের উচিত নয় তার ভূমি অন্য দেশের বিপক্ষে ব্যবহার করা।
মনমোহন সিং একটি সার্ক বিশ্ববিদ্যালয়, খাদ্য নিরাপত্তার জন্যে একটি আঞ্চলিক ফুড ব্যাংক, একটি উচ্চ পর্যায়ের সার্ক অর্থনৈতিক কাউন্সিল এবং একটি সার্ক টেক্সটাইল এবং বস্ত্রশিল্পের জন্যে একটি সার্ক জাদুঘর স্থাপনের প্রস্তাব দিয়েছেন।
