সার্ক পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক সম্পন্ন
ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন শুরুর আগে সার্ক সদস্য দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক শুক্রবার রাত সাড়ে দশটায় সম্পন্ন হয়েছে।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা আফগানিস্তান ইস্যু বাদে প্রস্তাবিত বাকি সবগুলো ইস্যুই দুই দিনের শীর্ষ সম্মেলনের এজেন্ডা হিসেবে সমঝোতায় পৌঁছান।
বৈঠক শেষে প্রেস বিফ্রিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বলেন, আমরা সার্কে আফগানিস্তানের অর্ন্তভুক্তি নিয়ে আলোচনা করেছি। তবে এখনো কোন ঐক্যমতে পৌঁছানো যায়নি। তবে সরকার ও রাষ্ট্রপ্রধানগণ তাদের আলোচনার মধ্য দিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবেন।
সার্কে চীনের পর্যবেক্ষক কিংবা ডায়ালগ পার্টনার হিসেবে অন্তর্ভুক্তি প্রসঙ্গে মোরশেদ খান জানান, বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে পরবর্তীতে সার্ক স্ট্যাণ্ডিং কমিটি বিশেষ বৈঠকে মিলিত হয়ে এ ব্যাপারে করণীয় কি তা ঠিক করবে।
এ অঞ্চলের ক্রমবর্ধমান সন্ত্রাস প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ১২তম শীর্ষ সম্মেলনে সার্ক এর নেতারা ইতোমধ্যেই একটি অতিরিক্ত প্রোটোকল স্বাক্ষর করেছেন এবং প্রতিটি দেশ তা অনুসমর্থন করেছে। তবে নতুন অনুসমর্থন প্রয়োজন রয়েছে কারণ সংশ্লিষ্ট দেশগুলোর ফৌজদারি দন্ডবিধিতে পরিবর্তন আনা হবে।
মোরশেদ খানের সভাপতিত্বে বৈঠকে দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থার ১৩তম শীর্ষ সম্মেলনের এজেন্ডা চূড়ান্ত করা হয়। আগামী শনি ও রোববার এ বৈঠক অনুষ্ঠিত হবে। সার্ক-এর অধিকাংশ সরকার ও রাষ্ট্র প্রধান ইতোমধ্যেই ঢাকায় পৌঁছে গেছেন।
বৈঠকে সিদ্ধান্ত নেয় হয়েছে সার্কভুক্ত দেশসমূহের সাবেক সরকার ও রাষ্ট্র প্রধানগণের ভিসামুক্ত ভাবে চলাচলের সুপারিশ করা হবে।
অন্যান্য এজেন্ডার মধ্যে রয়েছে সদস্য রাষ্ট্রের দারিদ্র্য দূরীকরণ, নির্ধারিত সময়ের মধ্যে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল (সাফটা) বাস্তবায়ন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, ভিসামুক্ত ও সহজীকরণ
স্ট্যান্ডিং কমিটি দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) বাস্তবায়নের ইস্যুটিকেই বিশেষভাবে প্রাধান্য দিচ্ছে। ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে এ চুক্তি বাস্তবায়নের কথা রয়েছে।
