২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তব রূপ দিতে রাষ্ট্রপতির আহ্বান

সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, সার্কের তৃতীয় দশকে পদার্পনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তব রূপ দেয়া এবং তার মাধ্যমে দক্ষিণ এশিয়ার জনগণের জীবন যাপনের মান উন্নয়নে বাস্তব অবদান রাখা উচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 07:59 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

সার্ক উপলক্ষ্যে দেয়া বাণীতে রাষ্ট্রপতি বলেন, এখন সময় এসেছে আঞ্চলিক সহযোগিতাকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য যথোপযুক্ত প্রকল্প ও কার্যক্রম গ্রহণ করার।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার আপামর জনগণ আসন্ন ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনের ইতিবাচক ফলাফলের ব্যাপারে গভীরভাবে আশাবাদী। তিনি বলেন, আমি আশা করি, জনগণ এ সম্মেলনকে দক্ষিণ এশিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে মনে রাখবে।

তিনি বলেন, এ শীর্ষ সম্মেলন একটি নতুন এবং গতিশীল তৃতীয় ধারার সূচনা করবে।

রাষ্ট্রপতি বলেন, ১৯৮৫ সালে গঠিত এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণ, আর্থণ্ডসামাজিক উন্নয়ন ত্বরান্বিতকরণ, সামষ্টিক স্বনির্ভরতা প্রতিষ্ঠা, পারস্পরিক আস্থা ও সমঝোতা বৃদ্ধি করা এবং দক্ষিণ এশিয়ার সাধারণ জনগণের জীবন যাত্রার মানোন্নয়ন করা।

তিনি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার উদ্যোক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান এবং সার্কের সাফল্য কামনা করেন।