২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষিদ্ধঘোষিত জঙ্গী সংগঠন আল হিকমা’র প্রধান কাওসার সিদ্দিকী আবারও গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন শাহাদাত ই আল হিকমা’র প্রধান কাওসার হোসাইন সিদ্দিকীকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ গ্রেপ্তার করেছে। একটি রাষ্ট্রদ্রোহ মামলার হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 09:42 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

এছাড়া পুলিশ বৃস্পতিবার ভোরে রাজশাহীর বাগমারা থেকে বাংলাভাইয়ের সহযোগী ও জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) নেতা নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

৩১ অক্টোবর রাজশাহীর মুখ্য মহানগর আদালত থেকে কাওসার সিদ্দিকী জামিন লাভ করে এবং ৩ নভেম্বর মুক্তি পায়। পুলিশ জানায়, মুক্তিলাভের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির তৎপরতা শুরু করে। ফলে নাশকতামূলক কর্মকাণ্ডের আশংকা দেখা দেয়। এ কারণে তাকে বৃহস্পতিবার আবার গ্রেপ্তার করা হয়।

২০০২ সালের ৮ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কাওসার সিদ্দিকী শাহাদাত ই আল হিকমা পার্টির আত্মপ্রকাশ ঘটায়। ২০০৩ সালের ১৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী শাহাদত ই আল হিকমাকে নিষিদ্ধ ঘোষণা করার কথা জানান এবং কাওসারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়েরের নির্দেশ দেন। তখন কাওসারকে গ্রেপ্তার করা হয়েছিল এবং কিন্তু কিছুদিন পর জামিনে মুক্তি পেয়ে আবার পার্টি তৎপরতা শুরু করে। ২০০৪ সালে এক সংবাদ সম্মেলন করতে এসে দলবলসহ গ্রেপ্তার হয়েছিল কাওসার।

এদিকে রাজশাহী মহানগর পুলিশের একটি বিশেষ দল বৃহস্পতিবার ভোরে রাজশাহীর বাগমরা উপজেলার সিকদারী গ্রামে অভিযান চালিয়ে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নেতা নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত নজরুলের বাংলাভাইয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে ইতোপূর্বে আটককৃত জেএমবি সদস্যরা জানিয়েছিল। পুলিশ সুত্র আরও জানিয়েছে, ১৭ আগস্টের বোমা হামলার ঘটনা সমন্বয়ের দায়িত্ব পালন করেছে নজরুল ইসলাম। আটকের সময় তার কাছ থেকে জঙ্গি তৎপরতার কিছু কাগজপত্র পুলিশ উদ্ধার করেছে।