২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কের আওতায় অর্থনৈতিক ইউনিয়ন গঠনে ড. ইউনুসের পরামর্শ

দক্ষিণ এশিয়া থেকে দারিদ্র্য দূর করার লক্ষ্যে সার্কের আওতায় অর্থনৈতিক ইউনিয়ন প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন ক্ষুদ্র ঋণের প্রবক্তা ও গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ ইউনুস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 08:47 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

নগরীর একটি হোটেলে বৃহস্পতিবার সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশনের (এসএএফএমএ) দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন শেষে বিডিনিউজের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

ড. ইউনুস বলেন, দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অবিশ্বাস, ভুল বোঝাবুঝি ও সন্দেহ। দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে দক্ষিণ এশীয় অঞ্চলে একটি অর্থনৈতিক ইউনিয়ন প্রতিষ্ঠা করা যেতে পারে। এসব দেশের মাঝে সঠিক তথ্য, মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে গণমাধ্যম এ ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

ড. ইউনুস বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিশ্বাস স্থাপনের লক্ষ্যে এসব দেশের উদ্ভাবনী কার্যক্রমের দিকে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, এ অঞ্চলের দারিদ্র্য দূর করতে দক্ষিণ এশিয়ার সকল দেশে সাংবাদিকদের অবাধে যাতায়েত করার সুযোগ প্রদান এবং ভিসা সংক্রান্ত জটিলতা দূর করতে হবে।

তিনি আরও বলেন, দারিদ্র্য দূর করার লক্ষ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মাঝে সমঝোতা ও সহযোগিতার মাত্রা আরও বৃদ্ধি এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে। তথ্য বিনিময়ের মাধ্যমে সাংবাদিকরা আন্তঃরাষ্ট্রীয় কোন্দল নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

এক প্রশ্নের জবাবে ড. ইউনুস বলেন, বিভিন্ন ইস্যুতে দেশগুলোর মাঝে মতানৈক্য দেখা দিতে পারে, কিন্তু সমঝোতার মাধ্যমে একটি অর্থনৈতিক ইউনিয়ন প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি বলেন, ইউরোপের দেশগুলোর মাঝেও অনেক বিষয়ে অমিল রয়েছে। তা সত্ত্বেও তারা ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা করতে পেরেছে। দারিদ্র্য দূর করার লক্ষ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোও ইউরোপীয় ইউনিয়নকে অনুসরণ করতে পারে বলে তিনি উল্লেখ করেন।