বিএফইউজের সাংবাদিক নির্যাতন বিষয়ক কনভেনশন স্থগিত
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আয়োজিত ‘সাংবাদিক নির্যাতন, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জাতীয় কনভেনশন স্থগিত করা হয়েছে।
কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ভবনে ১১ নভেম্বর এ সম্মেলন হওয়ার কথা ছিলো।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার উপস্থিত থাকার কথা ছিলো।
বিএফইউজে ১৮ অক্টোবর চিঠির মাধ্যমে ১১ নভেম্বরের জন্যে ওই স্থানটি বরাদ্দ নিয়েছিলো। কিন্তু কোনও পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করেই নিরাপত্তার কারণ দেখিয়ে মিলনায়তন কর্তৃপক্ষ এ বরাদ্দ বাতিল করে দেয়।
বিএফইউজে মহাসচিব মঞ্জুরুল আহসান বুলবুল জানান, অতিথিদের ইতোমধ্যেই আমন্ত্রণ জানানো হয়ে গেছে। আর সম্মেলনের নির্ধারিত স্থানটি সার্ক সম্মেলনজনিত নিরাপত্তা এলাকার মধ্যে পড়ে না।
জাতীয় প্রেস ক্লাবে ইউনিয়ন অফিসে বৃহস্পতিবার বিএফইউজে নেতৃবৃন্দ এ ব্যাপারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন।
