অবৈধভাবে জমি দখলের চেষ্টা: মার্কেন্টাইল ব্যাংকের ২ কর্মকর্তা, রাজউক চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
দলিল জাল করে গুলশান এভিনিউ’র জমি দখলের চেষ্টার অভিযোগে মার্কেন্টাইল ব্যাংকের দুই শীর্ষ কর্মকর্তা ও রাজউক চেয়ারম্যানসহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন গুলশানের এক ব্যবসায়ী।
বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ব্যবসায়ী মোহাম্মদ আমির আলী মোস্তফা মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ মো: নূরুল আলম, সহকারী ভাইস প্রেসিডেন্ট হাসানুল জাহেদ ও রাজউকের চেয়ারম্যান শহীদ আলমসহ নয় জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
মামলার পর ঢাকা মহানগর হাকিম মিজানুর রহমান এ ব্যাপারে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে বলা হয়, বাদি আমির আলী মোস্তফার মা মোস্তারি বেগমের পরিবর্তে ভুয়া মোস্তারি বেগমকে দিয়ে অভিযুক্তরা শুলশান এভিনিউর সিউব্লিউএন (সি) ব্লকের তিন নম্বর প্লটের জমি বিক্রির দলিল রেজিস্ট্রি করেছেন। প্রকৃতপক্ষে বাদির মা অভিযুক্তদের কাছে ওই জমি বিক্রি করেননি।
এ মামলার বাদির মা মোস্তারি বেগম গুলশান থানায় মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল এবং অপর একজনের বিরুদ্ধে একটি অপহরণ মামলায়ও দায়ের করেছেন।
