মানিকগঞ্জের স্বপ্না হত্যা মামলায় একজনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন
মানিকগঞ্জের খন্দকার নুরুল হক ’ল একাডেমীর ছাত্রী শাহজাদী সোনিয়া স্বপ্নাকে (২২) আগুনে পুড়িয়ে মারার মামলায় একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকার এক নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক শাহেদ নূর উদ্দিন বুধবার এ রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম আদিত্য সরকার। যাবজ্জীবনপ্রাপ্তরা হলো, জিলন, হযরত মোল্লা, কাজী রানাউল হক টুটুল।
আদালত মৃত্যুদণ্ড প্রাপ্ত আদিত্য সরকারকে এক লাখ টাকা জরিমানা এবং যাবজ্জীবন প্রাপ্তদের প্রত্যেককে ৭৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে।
পূর্ব শত্রুতার জের ধরে গত বছরের ২২ নভেম্বর রাতে আসামিরা মানিকগঞ্জের শহরতলী বান্দুটিয়ার বাড়িতে ঘুমন্ত অবস্থায় শাহজাদী সোনিয়া স্বপ্নার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ৩০ নভেম্বর স্বপ্না মারা যায়।
পুলিশের তদন্তে বলা হয়, রানাউল হক টুটুলের সাথে স্বপ্নার পরিবারের বিরোধ ছিল।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা এ মামলার বিচারকালে আদালত ১৭ জনের মধ্যে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে।
