২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক নিরাপত্তা জোনে স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে

আসন্ন ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন চলাকালে সর্বোচ্চ নিরাপত্তা জারিকৃত অঞ্চলের মধ্য দিয়ে সাধারনের চলাচলের ওপর কর্তৃপক্ষ বিধি-নিষেধ আরোপ করায় জনগণ অনেকটা আবদ্ধ হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 08:17 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

সম্মেলন চলাকালে ওই সমস্ত এলাকার মধ্য দিয়ে কর্মস্থলে যাওয়ার পথে তাদের নিরাপত্তা পাশের প্রয়োজন হবে কিনা এ ব্যাপারে তারা নিশ্চিত হতে পারছেন না।

এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের প্রতি ইঙ্গিত করলেও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বক্তব্য হচ্ছে তারা কিছুই জানে না।

বিডিনিউজের সঙ্গে আলাপকালে একটি বেসরকারি কোম্পানীর সিনিয়র নির্বাহী কর্মকর্তা জানান, সম্মেলনের জন্যে যে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে তাতে সম্মেলন চলাকালে কারওয়ান বাজার এলাকার বেশিরভাগ অফিস প্রায় বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, নিরাপত্তা পাশের জন্যে কোম্পানি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করলে তারা পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও কর্মকর্তাই এ ব্যাপারে কিছু করতে পারেন নি।

এ ব্যাপারে পুলিশের আইজি, র‌্যাবের মহাপরিচালক, ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনার প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) এবং ডিজি-ইপি (পররাষ্ট্র মন্ত্রণালয়)’র সঙ্গে যোগাযোগ করা হলে তারা ওই সমস্ত এলাকার মধ্য দিয়ে মানুষ ও যান চলাচলের জন্যে নিরাপত্তা পাশ জারি করার অধিকার কার, এ ব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেন নি।

ইতোমধ্যে ঢাকা শেরাটন হোটেল, সোনারগাঁও হোটেল এবং সম্মেলনের ভেন্যু চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রের আশেপাশের রাস্তায় সাধারণ যান চলাচলের ওপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

সম্মেলন চলাকালে নেতৃবৃন্দের চলাচলের রাস্তায় সাধারণ যানবাহন ও পথচারি চলাচল করতে পারবে না।

নিরাপত্তা পাশ না পাওয়ায় নগরীর কারওয়ান বাজার, ইস্কাটন রোড ও ফার্মগেট এলাকায় যাদের কর্মস্থল রয়েছে তারা কার্যত সংকটের মধ্যে পড়েছেন।

বিধি নিষেধ আরোপিত ওই সমস্ত এলাকায় যাদের কর্মস্থল ও ব্যবসা রয়েছে তাদের যাওয়ার সময় কি করতে হবে এ ব্যাপারে র‌্যাব, পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা এবং গোয়েন্দা বিভাগেরও কোন ধারণা নেই।

ইতোমধ্যেই কারওয়ান বাজারের কাঁচা বাজার বন্ধ হয়ে যাওয়ায় এবং ফুটপাথের দোকানপাট উঠিয়ে দেয়ায় কারওয়ান বাজার এলাকা অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে।

অন্যদিকে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা কারণে কারওয়ান বাজার এলাকায় অবস্থিত বিভিন্ন জাতীয় সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মাধ্যমের সাংবাদিক ও কর্মচারিদের চলাচলের ওপরও তার প্রভাব পড়েছে। পাঁচটি টেলিভিশন চ্যানেল, তিনটি ইংরেজী ও চারটি বাংলা পত্রিকা, একটি সংবাদ সংস্থা ও একটি রেডিও অফিস থাকার কারনে এ এলাকা ফ্লিট স্ট্রিট নাম দেওয়া হয়েছে।