কবি, শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক একেএম হারুনুর রশিদ আর নেই
মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষাবিদ, কবি, নাট্যকার, কণ্ঠশিল্পী ও নাট্যভিনেতা অধ্যাপক একেএম হারুনুর রশিদ মঙ্গলবার রাত সোয়া ৯টায় শহরের মৌলভীপাড়ার তার বাসভবন ‘কবিতাঙ্গন’ এ হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নাহ লিল্লাহে .....রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী সাবেক সংসদ সংদস্য ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বেগম দিলারা হারুন, একপুত্র, এককন্যাসহ আত্মীয়স্বজন ও অসংখ্য ভক্ত এবং অনুরাগি রেখে গেছেন।
অধ্যাপক একেএম হারুনুর রশিদের নামাজে জানাজা বুধবার বাদ যোহর ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার শোকার্ত মানুষের ঢল নামে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুর রহমান, পুলিশ সুপার মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এডঃ লুৎফুল হাই সাচ্চু, পৌর চেয়ারম্যান হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাঃ সম্পাদক আলহাজ্ব সৈয়দ এমরানুর রেজা, ভৈরব পৌরসভার চেয়ারম্যান ফকরুল আলম আক্কাসসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে গার্ড অফ অনারের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এরপর জেলা ও থানা প্রশাসন, পুলিশ বিভাগ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। এরপর মরহুমের লাশ স্থানীয় শেরপুর গোরস্থানে দাফন করা হয়।
অধ্যাপক হারুন অর রশিদ কবিতায় অবদানের জন্যে স্বাধীনতা দিবস সাহিত্য পুরষ্কার লাভ করেছিলেন। এছাড়াও সাহিত্য সংস্কৃতি শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যে তিনি বিভিন্ন সময়ে শহীদ ধীরেন্দ্রনাথ স্মৃতি স্বর্ণপদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমী স্বর্ণপদক, এফএম ফাউন্ডেশন স্বর্ণপদক,ব্রাহ্মণবাড়িয়া তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদ সম্মাননা, কুমিল্লার দৈনিক রূপসী বাংলা ফজল মাহমুদ সাহিত্য পুরষ্কারসহ বিভিন্ন পুরস্কার, সম্মননা ও পদক অর্জন করেন।
তার প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘আমাকে ক্ষমা করো’ (কাব্যগ্রন্থ), ‘সাগরে ঠিকানা শিশিরে শয্যা’ (কাব্যগ্রন্থ), ‘তিয়াসা’ (গীতি নৃত্যনাট্য), ‘মুক্তিযুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া’ (প্রবন্ধ), ‘পালা বদলের পালা (কাব্য নাটক), ‘সুবর্ণ সংকেত’ (নাটক), ‘কৃষ্ণ রমনী ও স্বদেশ’ (সনেট), ‘আমার লেখা গানের কথা’ (গীতি কবিতা)।অধ্যাপক হারুন ১৯৬২ সাল থেকে চট্টগ্রাম ও ঢাকা বেতার কেন্দ্রের নিয়মিত কন্ঠশিল্পী এবং ১৯৬৫ সালে থেকে বেতারের তালিকাভূক্ত গীতিকার ছিলেন।
মুক্তিযুদ্ধে তিনি ১৯৭১ সালের ২৭ মার্চ স্থাপিত স্বাধীনবাংলা বেতার কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক এবং ২নং সেক্টরে হাপানিয়া ক্যাম্পের পলিটিকেল মটিভেটরের দায়িত্ব পালন এবং ৪র্থ বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধা, কসবা ও আখাউড়া রণাঙ্গনের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। বাংলাদেশের অতিথি শিল্পী হিসেবে আকাশবানী আগরতলা থেকে যুদ্ধে উদ্দীপ্তমূলক সঙ্গীত পরিবেশন, ২নং সেক্টরে ব্রাহ্মণবাড়িয়ার শিল্পীদের নিয়ে গঠিত শিল্পী সংস্থার জন্য গান রচনা ও সুরারোপের মাধ্যমে তা বিভিন্ন ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের কাছে পরিবেশন করতেন।
পেশাগত জীবনে তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজে বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক ছিলেন। অবসর নেন বিভাগীয় প্রধান হিসেবে। এরপর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে যোগ দেন লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমীতে।
