ঢাবি শিক্ষকের আত্মহত্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং দেশের বিশিষ্ট পুষ্টিবিজ্ঞানী অধ্যাপক ড. কাজী সালামত উল্লাহ মঙ্গলবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ ও ক্যাম্পাস সূত্র জানায়, বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের গিয়াসউদ্দিন আবাসিক এলাকায় নিজ বাসায় স্টাফ কোয়ার্টারে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অধ্যাপক ড. কাজী সালামত উল্লাহর লাশ পুলিশ উদ্ধার করে। একই সঙ্গে উদ্ধার করা হয় তার আত্মহত্যার স্বীকারোক্তিমূলক একটি চিরকুট।
অধ্যাপক সালামত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউটের একজন শিক্ষক ছিলেন। তার দুই স্ত্রী বর্তমান থাকলেও তিনি ৬৫/ডি নম্বরের স্টাফ কোয়ার্টারে তিনি একাই থাকতেন। একজন স্ত্রীর সঙ্গে তার বেশ কিছুদিন ধরে মামলা মোকদ্দমা চলছিলো।
নিহতের আত্মীয়-স্বজনরা বলেছেন, এটি আত্মহত্যা নয় বরং তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
অধ্যাপক সালামতউল্লাহর কোন ছেলেমেয়ে নেই। গতবছর পারিবারিক দ্বন্দ্বে বাম হাতের কব্জিও হারিয়েছিলেন তিনি।
অধ্যাপক সালামতউল্লাহর মৃত্যুর পর ঢাবি উপাচার্য এস এম এ ফায়েজ, প্রক্টর এ কে ফিরোজ আহমদে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিকি এবং সাধারণ সম্পাদক ড. এম আখতারুজ্জামান ঘটনাস্থল প্রদর্শন করেন।
নিহতের লাশ ময়না তদন্তের জন্যে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিকেলে মরহুমের নামাজে জানাযা বিশ্ববিদ্যালয় মসজিদে অনুষ্ঠিত হয়।
