ইটিভি চেয়ারম্যানের দুই সহকারীকে পুলিশি নির্যাতন না করার জন্যে হাইকোর্টের নির্দেশ
একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামের দুই সহকারী জিয়াউর রহমান এবং ফয়জুল করিমকে রিমান্ডে নিয়ে কোন রকম নির্যাতন না করতে সরকার এবং পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আব্দুস সালামের ভাই আশরাফুল আলমের দায়ের করা দু’টি রিট পিটিশনের শুনানি শেষে বুধবার হাইকোর্ট এ রায় দেন। বিচারপতি এস কে সিনহাকে নিয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে তাদের রিমান্ড বৃদ্ধি না করারও নির্দেশ দেন।
৫ নভেম্বর রমনা থানা পুলিশ ৫৪ ধারায় জিয়াউর রহমান এবং ফজলুল করিমকে গ্রেপ্তার করে। ৬ নভেম্বর পুলিশ তাদের ৫ দিনের রিমান্ডে নেয়।
রিমান্ড আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে আশরাফুল আলম দু’টি রিট পিটিশন দায়ের করেন। তিনি বলেন, রিমান্ডে নেয়ার পর জিয়া এবং ফজলুলের ওপর পুলিশের অমানবিক নির্যাতন চলছে।
সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল করুনাময় চাকমা এবং অপর পক্ষে ড. এম জহিরের সহায়তায় ব্যারিষ্টার তানজিবুল আলম এবং ব্যারিষ্টার সারা হোসেন মামলা পরিচালনা করেন।
