২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতা বিষয়ে মার্কিন প্রতিবেদন প্রকাশ

আন্তর্জাতিক ক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতা বিষয়ে প্রকাশিত একটি মার্কিন প্রতিবেদনে সাধারণভাবে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার প্রশংসা করা হয়েছে। তবে পাশাশাশি প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর ওপর ধর্মীয় সংখ্যালঘুদের প্রভাব খুব কম বলে তারা এক রকম অসহায় অবস্থায় থাকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 04:35 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ নাগরিকের মত তারা (সংখ্যালঘুরা) দুর্নীতিগ্রস্ত ও অকার্যকর বিচার ব্যবস্থা থেকে সুবিচার পাওয়ার আশা করে না। আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কার্যত ব্যর্থ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহযোগিতার ক্ষেত্রে তারা প্রায় উদাসীন। এ ধরনের আচরণ সংখ্যালঘুদের নির্যাতনের পরিবেশকেই উস্কে দেয়।

তবে বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোর মধ্যে কখনও কখনও সংঘর্ষ ঘটে। ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনাগুলোতে সংখ্যালঘুদের প্রাণহানী এবং সম্পদের ক্ষতিসাধন হয় ঘটে থাকে। তবে অনেকক্ষেত্রেই এসব ঘটনার কারণ-সাম্প্রদায়িক বিদ্বেষ, অপরাধ প্রবণতা, নাকি সম্পত্তিজনিত রেষারেষি-এসব বিষয়ে অস্পষ্টতা থাকে।

যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ডেমোক্র্যাসি, হিউম্যান রাইট্স অ্যান্ড লেবার মঙ্গলবার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদন (আইআরএফআর)’ ২০০৫ প্রকাশ করে। আর প্রতিবেদনটি বিতরণ করে ইউএস স্টেট ডিপার্টমেন্ট।

বার্ষিক এ প্রতিবেদনে কংগ্রেসের প্রতি ১৯৭টি দেশ ও অঞ্চলে ধর্মীয় স্বাধীনতার পথে বাধাগুলো পরীক্ষা-নিরীক্ষা করার সুপারিশ করা হয়। ধর্মীয় স্বাধীনতা লংঘন করায় মায়ানমার, চীন, ইরিত্রিয়া, ইরান, উত্তর কোরিয়া, সৌদি আরব, সুদান এবং ভিয়েতনামের ব্যাপারে প্রতিবেদনে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন বলা হয়, জর্জিয়া, ভারত তুর্কমেনিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত আইন ও সামাজিক অন্তরায় সংস্কারের মাধ্যমে ধর্মীয় স্বাধীনতা বজায় রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

বাংলাদেশ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মীয় স্বাধীনতার প্রতি সরকারের সম্মান প্রদর্শনের বিষয়টি সব সময় এক রকম ছিলো না। আর উগ্রপন্থীদের তৎপরতার কারণে দেশটিতে আহমাদিয়া সম্প্রদায়ের ওপর সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে।

আইআরএফআর’ ২০০৫-এ বলা হয়, রাজনীতির ওপর ধর্মের প্রভাব উল্লেখযোগ্য। দেশের বেশিরভাগ লোক মুসলমান এবং জামায়াত-ই-ইসলামী ও ইসলামী ঐক্যজোট সরকারের অংশ। ফলে মুসলিমদের মতামতের ব্যাপারে সরকার প্রচণ্ডমাত্রায় সংবেদনশীল।

প্রতিবেদনে বলা হয়, যদিও সরকার বলেছে, সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা শুধু ধর্মের কারণে নয় বরং রাজনৈতিক অথবা অর্থনৈতিক কারণেও ঘটে থাকে, তবুও ধর্ম-প্রভাবিত সহিংসতার ঘটনা বাংলাদেশে অনেক ঘটে থাকে।

প্রতিবদেনে বলা হয়, সমাজের ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে। তবে সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন প্রায়শই সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বৈষম্যের শিকার হয়। চলতি বছরে আহমদিয়াদের ওপর নির্যাতনের ঘটনাও বিশেষভাবে উল্লেখযোগ্য।

প্রতিবেদনে বলা হয়, মূলধারার দুই বৃহৎ রাজনৈতিক দলের (বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল) মধ্যে বৈরিতার নীতি রাজনৈতিক সহিংসতার জন্যে প্রধানত দায়ী। তাদের শত্রুতা মুসলিম ও হিন্দুদের মধ্যে প্রায়ই উত্তেজনা ছড়িয়ে দেয়।

প্রতিবেদনে বলা হয়, ২০০১ সালের নির্বাচনের পর থেকেই ধর্মীয়ভাবে সংখ্যালঘুরা আক্রমণের শিকার হয়ে আসছে। যার ফলে ধর্মীয় উৎসবের সময় চার্চ ও মন্দিরগুলোতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। এসময় হত্যা, ধর্ষণ, নির্যাতন, পূজামণ্ডপে হামলা, বাড়িঘর ভাংচুর, জোরপূর্বক গৃহত্যাগ ও উপাসনাকালে ব্যবহৃত জিনিসপত্র ভাংচুরের মত ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, মুসলিমদের গুরুত্বপূর্ণ পবিত্র দিনেও সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ঘটেছে। সরকার সংঘটিত অপরাধ তদন্তে ও অপরাধীদের বিচারের সম্মুখীন করতে প্রায়শই ব্যর্থ হয়েছে। যদিও অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীরা ছিল স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী।

অবশ্য ধর্মীয় কারণে গ্রেপ্তার বা আটকের কোনও ঘটনার কথা জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়, আহমাদিয়া সম্প্রদায়ের ওপর অব্যাহতভাবে আক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় মার্কিন প্রশাসন বাংলাদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, আইন মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীসহ সরকারের বিভিন্ন মন্ত্রীর সাথে ২০০৩ সালের ডিসেম্বরে আলাপকালে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে।

প্রতিবেদনে বলা হয়, পূর্বের প্রতিবেদনে সংখ্যালঘু সম্প্রদায়ের এক নেতার ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে প্রকাশ্যে ধর্মীয় সহিষ্ণুতা ও সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে বিবৃতি দিতে ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস জামায়াত-ই-ইসলামী বাংলাদেশকে উৎসাহিত করেছিল। ২০০৫ সালের এপ্রিলের পূর্ব পর্যন্ত জামায়াত এ ব্যাপারে কিছু বলেনি। পরবর্তীতে তারা ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলাকে নিন্দা জানিয়ে একটি বিবৃতি দেয়।

প্রতিবেদনে আরও বলা হয়, আহমদিয়ার ওপর হামলার নিন্দা জ্ঞাপন করার জন্যে মার্কিন দূতাবাস বড় রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে।